২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কপিরাইট মামলা প্রত্যাহারের আবেদন শিল্পী আপেল মাহমুদের

হংকং সাংহাই ব্যাংকের বিরুদ্ধে গ্রন্থসত্ত্ব আইনে দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন গীতিকার গায়ক আপেল মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 04:44 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হংকং সাংহাই ব্যাংকের বিরুদ্ধে গ্রন্থসত্ত্ব আইনে দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন গীতিকার গায়ক আপেল মাহমুদ। বৃহস্পতিবার মামলাটিতে ওই ব্যাংকের বাংলাদেশ অংশের মূখ্য নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচার শুরুর ধার্য দিনে আপেল মামলাটি তুলে নেওয়ার আবেদন করেন। বিচারক এ এন এম বসিরউল্লাহ শুনানি গ্রহণ শেষে মামলা প্রত্যাহার বিষয়ে পরে আইন অনুযায়ী আদেশ দেবেন বলে সময় নেন। আপেল মাহমুদের অভিযোগ, 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' ,'তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে' মুক্তিযুদ্ধভিত্তিক এ জনপ্রিয় গানগুলো তার অনুমতি ছাড়াই সিডি আকারে বাজারে ছাড়েন এইচএসবিসি ব্যাংক কর্তৃপক্ষ। এ অভিযোগে একই আদালতে গত বছরের ৫ অক্টোবর এ মামলা করেন আপেল মাহমুদ। মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্তদের উদ্যোগে 'শত বর্ষের বাংলা গান' শিরোনামে ওই গান গুলো অন্য নতুন শিল্পীদের দিয়ে গাইয়ে বাজারে সিডি আকারে ছাড়া হয় । সেখানে অনেক জায়গায় গীতিকার-সুরকার হিসেবে আপেল মাহমুদের নামও উল্লেখ বা কোন প্রকার কৃতজ্ঞতা প্রকাশ করাও হয়নি। গত বছরের ২৮ অক্টোবর একই বিচারক অভিযুক্ত সঞ্জয় প্রকাশ, এইচএসবিসি-র করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান এবং অর্থ বিভাগের প্রধান মোস্তফা আলীম আওলাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে অভিযুক্তরা এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠনের ধার্য দিনে আপেল বিচারকের কাছে আবেদন দাখিল করে বলেন আদালতের বাইরে তাদের মধ্যে আপোস মীমাংসা হয়ে গেছে। বিচারক গ্রন্থসত্ত্ব (কপিরাইট আইন) আইনের মামলা আপোসযোগ্য কীনা এ ব্যাপারে প্রশ্ন তুলে দুইপক্ষের আইনজীবীদের কাছে সংশ্লিষ্ট আইন দেখতে চান। আইনজীবীরা বলেন কপিরাইট আইনটি অসম্পূর্ণ। কারণ এখানে আপোষের বিষয়ে কোন ধারা বা কোন বক্তব্য উল্লেখ নেই। পিবি/এসকে/২২৪১ঘ.