সিরাজগঞ্জ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর প্রায় এক কোটি টাকার কাজের দরপত্রের লটারি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে লটারি স্থগিত ঘোষণার পর স্থানীয় ঠিকাদাররা একে রহস্যজনক আখ্যা দিয়ে পাউবো কার্যালয়ে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভকারীরা নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমার অপসারণ চেয়ে পাউবো'র উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফ্যাক্সযোগে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের কপি সাংবাদিকদেরও দেওয়া হয়।
দরপত্রের লটারি স্থগিতের বিষয়ে পাউবো'র পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অনিবার্য কারণে লটারি স্থগিত ঘোষণা করা হয়েছে।"
পরবর্তী তারিখ নির্ধারণ করা হলে সবাইকে জানানো হবে বলে তিনি জানান।
স্থানীয় পাউবো'র পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) কার্যালয় জানায়, জেলার শাহজাদপুর উপজেলার মিল্ক ভিটার কারখানা সংলগ্ন রাত্রতারায় একটি বাঁধ নির্মাণের কাজের প্রায় এক কোটি টাকার দরপত্র জমা দেওয়ার শেষদিন ছিল গত ৬ জানুয়ারি।
দেশের বিভিন্ন এলাকার ৬৫ জন ঠিকাদার দরপত্র জমা দেন। পাউবো'র নির্বাহী প্রকৌশলী সুজয় বৃহস্পতিবার সকাল ১১টায় লটারি সময় নির্ধারণ করেন। সে অনুযায়ী বৈধ দরদাতারা পাউবো কার্যালয়ে উপস্থিত হন।
কিন্তু সকাল ১১টা ১০ মিনিটে লটারি প্রক্রিয়া স্থগিত করার বিষয়টি জানান নির্বাহী প্রকৌশলী।
সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়ার বাসিন্দা ঠিকাদার সুকুমার রায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত সময়ের ১০ মিনিট পর হঠাৎ করে লটারির স্থগিতাদেশ শুনে আমরা আশ্চর্য হয়েছি। নির্বাহী প্রকৌশলী কেন হঠাৎ করে এ ধরণের পদক্ষেপ নিলেন তা আমাদের বোধগম্য নয়।"
পাউবো'র মহাপরিচালক মো. হাবিবুর রহমান জিন্নাহ মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লটারি স্থগিতের বিষয়টি তিনি জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.
bdnews24