২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় শুল্ক পরিদর্শক প্রত্যাহার

বিদেশ ফেরত যাত্রীর কাছ থেকে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা নেওয়ার সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগের এক পরিদর্শক বৃহস্পতিবার হাতেনাতে ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 02:19 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশ ফেরত যাত্রীর কাছ থেকে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা নেওয়ার সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগের এক পরিদর্শক বৃহস্পতিবার হাতেনাতে ধরা পড়েছে। এ ঘটনায় অমিত রবণ দাস নামের ওই পরিদর্শককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার মজিবুর রহমান। তিনি বলেন, "ইকে- ৫৮২ বিমানের যাত্রী খলিল উদ্দিন ও স্ত্রী ঢাকায় নামার পর মালামাল পরীক্ষা করার সময় পরিদর্শক অমিত তাদের কাছে দুই হাজার টাকা দাবি করে। তাদের কাছে বাংলাদেশী মুদ্র না থাকায় খলিল তাকে ২০ ইউরো দেন।" মজিবুর রহমান জানান, বিষয়টি দূর থেকে ম্যাজিস্ট্রেট সিদ্দিকা আকতার দেখে তাকে দিয়ে অমিতকে ডাকান। অমিত তখন ইউরো নেওয়ার ব্যাপারে যুক্তিসঙ্গত কোনো জবাব দিতে পারেননি। তিনি বলেন, "এর মাঝে অন্য কর্মকর্তারা সেখানে এসে অমিতকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার শরীর তল্লাশি করে ২০ ইউরো ছাড়াও অবৈধভাবে অন্য যাত্রীর কাছ থেকে নেওয়া ৫০ রিংগিত উদ্ধার করা হয়। এরপর তাৎক্ষণিকভাবে অমিতকে প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে নেওয়া হয়।" সেখানে তার বিরুদ্ধে আরো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান মজিবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/জিএনএ/২০১৩ ঘ.