২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসক ও ছাত্রদের ওপর হামলার বিচার না করা হলে শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আওয়ামী লীগপন্থী চিকিৎসক ও ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 02:12 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসক ও ছাত্রদের ওপর হামলার বিচার না করা হলে শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আওয়ামী লীগপন্থী চিকিৎসক ও ছাত্ররা। একই সময়ের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের অপসারণের দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। (বিস্তারিত) বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি আব্দুল খালেকের নেতৃত্বে দু'জন চিকিৎসককে লাঞ্ছিত ও কলেজ ছাত্রলীগ নেতাদের মারধর করা হয়। হাসপাতালে নিয়োগ নিয়ে মতবিরোধই দৃশ্যত এ বিবাদের মূল কারণ। 'ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসক ছাত্র সংগ্রাম পরিষদের' ব্যানারে এ কর্মসূচির ঘোষণা দিয়ে বলা হয়, দাবি মানা না হলে আগামী শনিবার থেকে হাসপাতাল ও কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা কাজে যোগদান থেকে বিরত থাকবেন। এর আগে বুধ ও বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রক্রিয়াধীন ২০০ কর্মচারীর নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে চতুর্থ শ্রেণীর একদল কর্মচারী। তারা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরকে অবরুদ্ধ করেও রাখে। তাদের দাবি ওই নিয়োগ প্রক্রিয়া পুরোটাই আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতাদের তালিকা অনুযায়ী সম্পন্ন হচ্ছে । সংবাদ সম্মেলনে চিকিৎসক ছাত্র সংগ্রাম পরিষদ অভিযোগ করে, গত কয়েকদিন ধরে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি আব্দুল খালেকের নেতৃত্বে একদল কর্মচারী চিকিৎসা ও ছাত্রদের কাজে বাধা দিয়ে আসছে। বৃহস্পতিবার সকালে তারা নাক, কান, গলা বিভাগের সহকারী অধ্যাপক স্বাচিপ নেতা ডা. মনিলাল আইচ লিটু ও বিএমএ নেতা একই বিভাগের সহকারী অধ্যাপক আবু ইউসুফ ফকিরকে কাজে যোগদানে বাধা দেয়। দুপুরে খালেক নিজে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ রতনসহ কয়েকজন ইন্টার্নি চিকিৎসককে মারধর করেন বলে তারা অভিযোগ করেন। পরিচালক বজলে কাদেরের কক্ষের সামনে এসব ঘটনা ঘটলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলেও অভিযোগ করেন তারা। পরিষদ নেতারা চিকিৎসকদের ওপর হামলাকারীদের শাস্তি প্রদান, খালেকসহ দায়ী কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, নিয়োগ প্রক্রিয়া নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা, ছাত্রলীগ নেতাদের ওপর হামলাকারীদের বিচার এবং পরিচালক বজলে কাদেরের অপসারণের দাবি জানান। তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজে ক্লাস বর্জন ও হাসপাতালের কাজে যোগদান থেকে বিরত থাকবেন ছাত্র ও চিকিৎসকরা। তবে এ সময় জরুরি বিভাগ চিকিৎসার জন্য খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমকে/এজে/এসকে/২১৪২ঘ.