রাজশাহী, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পরিবহন ধর্মঘট বৃহস্পতিবার সকালে শুরুর পর দুপুরে তা প্রত্যাহার করা হয়েছে।
ভাম্যমাণ আদালতে তিন পরিবহন শ্রমিককে জেল-জরিমানা করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডাকা হলেও দুপুরে রাজশাহীর মেয়র ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি তুলে নেয় জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প, মোটর শ্রমিক ইউনিয়ন ও দূরপাল্লার মোটর শ্রমিক সমিতি।
ফলে দুপুর ১২টার পর থেকে গাড়িগুলো পুনরায় চলছে। তবে সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ থাকায় অনেককে ভোগান্তিতে পড়তে হয়।
রাজশাহী জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের যুগ্ম-সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়।
তিন শ্রমিককে ছাড়িয়ে আনতে মেয়র পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
বুধবার নগরীর বিনোদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত ন্যাশনাল ট্রাভেলসের সুপারভাইজার আলমগীর ও সাইফুল ইসলাম এবং গ্রীন লাইনের সুপারভাইজার শফিকের লাইসেন্স না থাকায় ২০০ টাকা করে জরিমানা এবং প্রত্যেকের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এর প্রতিবাদেই এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
ধর্মঘটের সমর্থনে সকালে মালিক-শ্রমিক যৌথ পরিষদ জেলা বাস টার্মিনালসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল করে।
সকাল ১০টায় বাস টার্মিনালে অনুষ্ঠিত সভায় বাস মালিক-শ্রমিকদের হয়রানি এবং অবিলম্বে তিন শ্রমিকের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় মালিক-শ্রমিকরা।
সভায় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি, দূরপাল্লার মোটর শ্রমিক সমিতির সভাপতি সাইদুর রহমান, পরিবহন মালিক গ্র"পের কোষাধ্যক্ষ মতিউল হক টিটু, জেলা মোটর বুকিং সমিতির সভাপতি মামুনুর রশিদ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩০ ঘ.
bdnews24