ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার স্মরণ করা হচ্ছে নাট্যকার ও শিক্ষক সেলিম আল দীনকে। এ দিন তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবনের সামনে থেকে শোকযাত্রা বের হয়। শোকযাত্রাটি ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সেলিম আল দীনের সমাধিতে ফুল দেয়।
এতে অংশ নেন প্রয়াত নাট্যকারের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ইউসুফ, ম হামিদ, পশ্চিমবঙ্গের নাট্য গবেষক নৃপেন্দ্র সাহা, নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আফসার আহমেদ প্রমুখ।
সেলিম আল দীন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
সকাল সাড়ে ১০টায় পুরনো কলা ভবনে 'আচার্য সেলিম আল দীন সেমিনার লাইব্রেরি' উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে 'সেলিম আল দীন চরিতের চিত্রভাষ্য' শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়।
বিকেল সাড়ে ৩টায় কলা ভবনের সামনে মৃৎমঞ্চে সেলিম আল দীনের নাটক ও নাটকের গান পরিবেশন করবে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। একই স্থানে বিকেল ৫টায় চানু বয়াতির দল গাজীর গান পরিবেশন করবে। এছাড়া সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রয়োজনায় সেলিম আল দীন রচিত প্রাচ্য নাটক মঞ্চস্থ হবে।
সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় দুই দিনব্যাপী কর্মসূচি নিয়েছে ঢাকা থিয়েটার। বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা।
শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে সেলিম আল দীন স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় ধাবমান নাটক মঞ্চস্থ করবে ঢাকা থিয়েটার।
রবীন্দ্র পরবর্তী বাংলা নাটকের অন্যমত দিকপাল হিসেবে বিবেচিত সেলিম আল দীন ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান।
১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সেনেরখিল গ্রামে তার জন্ম।
সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- সর্প বিষয়ক গল্প, জন্ডিস ও বিবিধ বেলুন, কীত্তনখোলা, কেরামতমঙ্গল, হাত হদাই, যৈবতী কন্যার মন, মুনতাসীর ফ্যান্টাসি, চাকা। তার রচনা দেশের বাইরেও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত।
১৯৮৪ সালে সেলিম আল দীন বাংলা একাডেমী পুরস্কার পান। এছাড়া কর্মজীবনে রাষ্ট্রীয় সম্মান একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.
bdnews24