২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাংচুর

গাজীপুরে দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বুধবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও কারখানায় ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 07:12 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

গাজীপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বুধবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও কারখানায় ভাংচুর করেছে। এর মধ্যে হাজিরা ও উৎপাদন বোনাস এবং উৎপাদন দর 'কম দেওয়ার' প্রতিবাদে সকালে রাজেন্দ্রপুরে গিভেন্সী গ্র"পের জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন এবং কারখানায় ভাঙচুর করে। এছাড়া বকেয়া বেতনের দাবিতে বোর্ডবাজার এলাকার জিএন স্পোর্টস নামে অন্য একটি কারখানার শ্রমিকরা দুপুরে কর্মবিরতি পালন এবং মহাসড়ক অবরোধ করে। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল নয়টার দিকে জাহিন টেক্স কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন ও ব্যবস্থাপক আক্তার হোসেনের অপসারণও দাবি করে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতরে যন্ত্রপাতি, দরজা-জানালার কাঁচ ও চারটি কম্পিউটার ভাঙচুর করে। এসময় কয়েকজন কর্মকর্তা ও কর্মীকে মারধোর করে শ্রমিকরা। শ্রমিকরা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধও করে। প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকার পর র‌্যাব ও পুলিশ সদস্যরা গিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসার আশ্বাস দিয়ে বুধবার ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়। কারখানার প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন বলেছেন, "দর কমানো হয়নি। উৎপাদন (কাজ) কম হওয়ায় শ্রমিকরা বেতন-ভাতা কম পেয়েছে।" অন্যদিকে দুপুর দুইটার দিকে বোর্ডবাজার এলাকার জিএন স্পোর্টস কারখানার শ্রমিকরা ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ শুরু করে। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও অবরোধ করে। প্রায় আধ ঘন্টা পর পুলিশ বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে আবার যান চলাচল শুরু হয়। পরে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে কারাখানা কর্তৃপক্ষ-শ্রমিক প্রতিনিধি বৈঠক শেষে আগামী ২১ জানুয়ারি পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/০১০৯ঘ.