ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ভূমি সংক্রান্ত সেবা দানে দীর্ঘসূত্রতা ও নিম্নমানের অন্যতম প্রধান কারণ দুর্নীতি। ভূমি জরিপ অধিদপ্তরের একজন উর্ধ্বতন কর্মকর্তা এ মন্তব্য করেছেন।
বুধবার রাজধানীতে 'সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আওতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভূমি সংক্রান্ত সেবা দানের সম্ভাবনা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা পরিচালক আসলাম আলম এ কথা বলেন।
তিনি বলেন, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা অথবা ডিজিটালাইজেশনের মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তন হবেনা। পিপিপির আওতায় এটা করা হলে সরকারি কর্মকর্তার স্থলে নতুন যারা আসবেন তারাও একইভাবে কাজ করবেন। অতীতের এসব দীর্ঘসূত্রতা ও অনিয়মের কারণগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
সাবেক সচিব মো. মোসলেহউদ্দিন বলেন, ভূমি অধিদপ্তর সবসময় জনবল সংকটে ভুগে থাকে। তাছাড়া ভূমি সংক্রান্ত কাজে তিনটি মন্ত্রনালয়ের (ভূমি, সংস্থাপন ও আইন) সম্পৃক্ততার কারণে বিশৃংখলা চলছে। আর এর প্রধান কারণ হচ্ছে এ তিন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা।
৯টি সফটওয়্যার প্রতিষ্ঠানের অংশগ্রহণে গঠিত টেরাটেক লি. বৈঠকে ভূমি ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও পিপিপির সম্ভাবনা তুলে ধরে।
তারা বলেছে, ভূমি রেকর্ড জরিপ ও রাজস্ব আদায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করলে দেশের মানুষ হয়রানির শিকার না হয়ে সেবা পাবেন। প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়ন হলে সরকার দেশের ভূমির সঠিক চিত্র জানতে পারবে। ফলে দীর্ঘদিনের সমস্যাবহুল এই ক্ষেত্রটি লাভজনক একটি খাতে পরিণত হবে। পাশাপাশি দেশের নাগরিকরাও ভূমিসংক্রান্ত কার্যক্রমে উৎসাহিত হবে।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) প্রেসিডেন্ট ফারুক সোবহান বলেন, বাংলাদেশর আদালতে ঝুলে থাকা বেশীরভাগ মামলাই ভূমি সংক্রান্ত। তথ্য প্রযুক্তির ব্যবহার করে সরকারি ও বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে এই খাত ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে উল্লেখযোগ্য অবদান রাখবে।
জনতা ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল বারাকাত বলেন, বাংলাদেশে ভূমি নিয়ে মামলা-মোকদ্দমা ও বিরোধ নিষ্পত্তিতে ন্যূনতম ৩ থেকে ৪৫ বছর সময় লাগে। এখনো দেশের সব খাস জমি শনাক্ত করা সম্ভব হয়নি। যার কারণ, টেকনিক্যাল সাপোর্টের অভাব ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী।
টেরাটেক লি. এর উপস্থাপিত এ প্রস্তাবনা সম্পর্কে তিনি অভিমত দেন যে, এধরনের প্রকল্পে সরকারের নিজেই অর্থায়ন করা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24