২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজুল ইসলাম ফারুকের বিরুদ্ধে হুলিয়া জারি

শেখ হাসিনার বিরুদ্ধে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলা করে আলোড়ন তোলা ব্যবসায়ী তাজুল ইসলাম ফারুকের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 05:23 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলা করে আলোড়ন তোলা ব্যবসায়ী তাজুল ইসলাম ফারুকের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে ঢাকার একটি আদালত। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রতারণার মাধ্যমে চুক্তি স্বাক্ষর, অর্থ আত্মসাত ও হত্যার হুমকির অভিযোগে ওয়েস্টমন্ট পাওয়ার প্ল্যান্টের স্থানীয় প্রতিনিধি ও পরামর্শক আলী আক্কাস নূরানী প্রায় সাত মাস আগে তাজুল ইসলামের বিরুদ্ধে এ মামলা করেন। বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন তাজুলকে গ্রেপ্তারের জন্য সারা দেশে হুলিয়া জারির আদেশ দেন। গত বছরের ৪ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার পর তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু পুলিশ পরোয়ানা তামিলে ব্যর্থ হওয়ায় এবং এদিন তাজুল মামলার ধার্য তারিখে আদালতে আত্মসমর্পণ না করায় বিচারক এ আদেশ দিলেন। তাজুল ইসলাম ফারুক বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১০ এপ্রিল রাজধানীর তেজগাঁও থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করেন। এতে শেখ হাসিনার বিরুদ্ধে হরিপুর ও বাঘাবাড়ী ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তাজুল ইসলাম ফারুক সংবাদ সম্মেলন করে আলোচিত এ মামলাটি প্রত্যাহারের ঘোষণা দেন। তখন ফারুক নিজেকে ওয়েস্টমন্ট পাওয়ার প্ল্যান্টের চেয়ারম্যান পরিচয় দেন। আইনজীবী প্রামানিক আবদুর রব ও শরীফুল ইসলাম বাদিপক্ষে শুনানিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২৩০৮ঘ.