২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ৩৩ শিশু উদ্ধার

বান্দরবানের একটি হোটেল থেকে বুধবার ৩৩ আদিবাসী শিশুকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পাচারকারী সন্দেহে এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 02:42 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

বান্দরবান, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের একটি হোটেল থেকে বুধবার ৩৩ আদিবাসী শিশুকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পাচারকারী সন্দেহে এ সময় তিনজনকে আটক করা হয়েছে। দুপুরে বান্দরবান বাজারের অতিথি বোর্ডিং থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক তিনজন হলেন- বান্দরবানের গর্ডেন ত্রিপুরা ওরফে রুবেল (৩৬), ঢাকার দারুল এহসান মাদ্রাসার ছাত্র আবু হোরাইয়া (২২) এবং শ্যামলী এলাকার আবদুল গণি (২১)। আটকদের বরাত দিয়ে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক সাইফুল আলাম বলেন, উদ্ধার করা শিশুদের বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া এলাকা থেকে আনা হয়। শিশুদের ঢাকায় ধানমন্ডি আদর্শ মদিনা স্কুলে ভর্তির কথা বলে নিয়ে আসে। স্কুলে ভর্তির জন্য প্রতিটি শিশুর অভিভাবকের কাছ থেকে নগদ ২০০ টাকা করে নেওয়া হয় বলে আটক গর্ডেন ত্রিপুরা পুলিশকে জানান। পুলিশ কর্মকর্তা আরো বলেন, উদ্ধার শিশুদের মধ্যে ২৫ জনকে তাদের অভিভাবকরা এসে থানা থেকে নিয়ে গেছেন। বাকি ৮ জনের অভিভাবক না আসায় তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। থানা হেফাজতে থাকা ৮ শিশু হল- চন্দ্রিকা (৬), উমেচিং (৭), উমেচাই (৮), উমেউ (৬), ওয়ানুচিং (৬), দেবশ্রী (৭), হ্লামেথুই (৫) ও বাচিমং (৮)। অভিভাবকরা নিয়ে যাওয়া শিশুদের নাম থানায় নথিবদ্ধ না করায় তাদের নাম পাওয়া যায়নি। আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.