২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন, তিনজনের মৃত্যু

প্রচণ্ড ঠাণ্ডা ও শৈত্য প্রবাহে দেশের বিভিন্ন স্থানে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কোনো স্থানে সারাদিনেও সুর্য দেখা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 04:25 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচণ্ড ঠাণ্ডা ও শৈত্য প্রবাহে দেশের বিভিন্ন স্থানে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কোনো স্থানে সারাদিনেও সুর্য দেখা যায়নি। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে আছেন গরীব খেটে খাওয়া মানুষেরা। শীতজনিত বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ক্ষতি হচ্ছে কৃষি জমিরও। নীলফামারীতে শীতজনিত বিভিন্ন রোগে মঙ্গলবার তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি শীত মওসুমে শীতজনিত রোগে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জেলার সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে। চলতি শীত মওসুমে দেশের সর্বনিু তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। গত তিন বছরে এটাই সর্বনিু তাপমাত্রা। এর আগে এ মাসের ২ ও ৬ তারিখ শ্রীমঙ্গলে দেশের সর্বনিু তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করা হয়। দেশজুড়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বইছে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ অবস্থা আরো দুই দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১০ বছরে দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- নীলফামারী: শীতজনিত বিভিন্ন রোগে মঙ্গলবার সকালে মারা যাওয়া তিনজন হলেন ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের বৃদ্ধ মনির উদ্দীন, দক্ষিণ বালাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুম ও ওয়াহেদ আলী। ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী, গয়াবাড়ি, খগাখড়িবাড়ী, টেপা খড়িবাড়ী, পুর্ব ছাতনাই ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, সৌলমারী ও কৈমারী ইউনিয়নের ১৬টি চরে বসবাসকারী দরিদ্র মানুষের জন্য অন্তত ৪০হাজার কম্বল বা শীতবস্ত্র প্রয়োজন বলে জানিয়েছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। তিনি বলেন, কিন্তু এ পর্যন্ত ৮৪৩ জনকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। শীতার্থ নারী-পুরুষ-শিশুরা শীতবস্ত্রের জন্য প্রতিদিন ইউনিয়ন পরিষদ অফিস ও চেয়ারম্যান-মেম্বারদের বাড়িতে আসা যাওয়া করছে। খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান বলেন, শীতের শুরুতে সরকারিভাবে মাত্র ৪৫টি কম্বল পাওয়া গেছে। ইউনিয়নে কমপক্ষে দুই হাজার দরিদ্র রয়েছে যাদের শীতবস্ত্র দেওয়া খুবই জরুরি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমজাদ হোসেন জানিয়েছেন, শীতার্থদের জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে তিন দফায় সাড়ে ৬ হাজার কম্বল, ৫০০ সোয়েটার, ১৫০টি পুরাতন কাপড় ৬টি উপজেলায় বিতরণ করা হয়েছে। শীতজনিত রোগে মঙ্গলবার তিনজনের মৃত্যুর কথা স্বীকার করে নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুল মজিদ বলেন, শিশু ও বয়স্করা শীতজনিত বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হচ্ছে। জেলার ছয়টি হাসপাতালে এ ধরনের রোগে কমপক্ষে ২৩২ জন চিকিৎসাধীন রয়েছে। সৈয়দপুর বিমানের আবহাওয়া অফিসের স্টেশন ম্যানেজার সহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার নীলফামারীতে তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ১৫ ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁও: মঙ্গলবার ভোর থেকে প্রবল বেগে কনকনে ঠাণ্ডা বাতাস বইতে থাকে। ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়ে। জেলার অনেক স্কুল বন্ধ রাখা হয়েছে। ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী জানান, বিদ্যালয়ে শিক্ষার্থী আসছে না। আজ (মঙ্গলবার) যারা এসেছে তারাও শীতে কাহিল। তাই ২/৩ দিন থেকে যারা আসছে তাদের ছুটি দিয়ে দিচ্ছেন বলে তিনি জানান। সিভিল সার্জন আবু মো. খায়রুল কবীর বলেন, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চার শতাধিক নারী, পুরুষ ও শিশু ভর্তি হয়েছে। নাটোর: কনকনে হিমেল হাওয়ায় জেলার জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে সূর্য দেখা যায়নি। রাস্তা-ঘাট ও অফিস আদালতে মানুষের উপস্থিতি খুবই কম ছিল। ব্যবসা প্রতিষ্ঠানেও তেমন একটা বেচাকেনা হয়নি। জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির নাজমুল হক জানান, প্রচণ্ড ঠাণ্ডায় দুপুর ১২টার দিকে সদর উপজেলার জয়নগর গ্রামের শীতবস্ত্রহীন কুদ্দুস আলী জেলা জজ আদালতের সামনে অচেতন হয়ে পড়ে যান। অতিরিক্ত জেলা প্রশাসকসহ কয়েক জন ম্যাজিস্ট্রেট গিয়ে তাকে উদ্ধার করেন। পরে জেলা প্রশাসন থেকে তাকে গরম খাবার খাইয়ে সুস্থ করা হয়। এরপর তাকে কম্বলও দেওয়া হয়। কুদ্দুস আলী ছাড়া আর কেউ অসুস্থ হওয়ার কথা তার জানা নেই বলে তিনি জানান। জেলা প্রশাসন কার্যালয়ের পরিমাপ যন্ত্রে তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে নাজমুল জানান। এদিকে শৈত্য প্রবাহ থেকে কৃষিকে রক্ষার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা কৃষি কর্মকর্তা এম দেলওয়ার হোসেন জানান। চাঁদপুর: চাঁদপুরের কচুয়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে কোল্ড ইনজুরিতে ইরি-বোরো বীজতলা মরে যাচ্ছে বলে কচুয়া কৃষি অফিস জানায়। উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, আসন্ন মৌসুমে কৃষকরা ইরি-বোরো চাষ নিয়ে সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তীব্র শীত ও ঘন কুয়াশায় বীজ অঙ্কুরিত হওয়ার পর দু'একটি পাতা ছড়ানোর পরপরই হঠাৎ হলদে হয়ে মরে যাচ্ছে। এবার প্রায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান। এদিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখা মঙ্গলবার বিকালে এক শ' দুস্থ পরিবারে কম্বল বিতরণ করেছে। শহরের ক্যাব কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করেন চাঁদপুর পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ। এ সময় ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, অধ্যাপক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সুশাসনের জন্য নাগরিক (সনাক) ও ইয়েস গ্র"প চাঁদপুর সদর উপজেলার পিংরা গ্রামে ৬৫ পরিবারের কম্বল বিতরণ করেছে। পাবনা: প্রচণ্ড শীতে জেলায় মানুষ কাহিল হয়ে পড়েছে। মঙ্গলবার ঈশ্বরদীর তাপমাত্রা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় চার হাজার কম্বল বরাদ্দ করা হলেও এখনো তা বিতরণ হয়নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহতাব উদ্দিন সরকার বলেন, দুই লাখ ছিন্নমুল মানুষের জন্য চার হাজার কম্বল বরাদ্দ হলেও কোন উপজেলায় কত বন্টন হরা হবে তা ঠিক না হওয়ায় এখনো বিতরণ করা যায়নি। সিলেট: সকালে কনকনে শীতে ছেঁড়া শাড়ি গায়ে জড়িয়ে নগরীর বন্দর বাজারে ট্রাফিক আইল্যান্ডে বসে ছিলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়ির মনোয়ারা বেগম। কোলে ৭-৮ মাস বয়সী শিশু। শাড়িটি সন্তানের গায়ে জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছিলেন মা। ঠাণ্ডায় কাহিল শিশুটি কাঁদছিল। মঙ্গলবার সিলেট নগরীর জীবনযাত্রা ছিল প্রায় স্থবির। দিনভর ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায়নি। সিলেট আবহাওয়া অধিদপ্তর দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, শৈত্যপ্রবাহ আরো দু'একদিন থাকতে পারে। তিনি জানান, গত ৭ জানুয়ারি সিলেটে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা সর্বনিম্ন না হলেও শৈত্য প্রবাহের কারণে প্রচণ্ড শীত অনুভূত হয়। এদিকে সোমবার রাতে মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। সিলেট রেল স্টেশন, শাহজালাল মাজার এলাকায় তিনি শীতবস্ত্র বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৩ ঘ.