কুষ্টিয়া, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকা থেকে মঙ্গলবার দুপুরে চরমপন্থী সংগঠন গণ মুক্তিফৌজের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম- নাসরিন ওরফে দাদী নাসরিন (৩০)।
তিনি কুষ্টিয়ার ভেড়ামারা আওয়ামী লীগ নেতা মেহেরুল আলম ও কলেজ শিক্ষক বান্দা ফাত্তাহ মোহন হত্যা মামলার আসামি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আলমগীর হোসেন।
তিনি বলেন, নাসরিন গণ মুক্তিফৌজের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল দুপুর ২টার দিকে আমলাপাড়ার নিজের বাড়ি থেকে নাসরিনকে গ্রেপ্তার করে।
কুষ্টিয়া সদর থানার ওসি এ কে এম. ফারুক হোসেন বলেন, কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার ডা. আবু বক্করের মেয়ে নাসরিন। তার বিরুদ্ধে থানায় ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
নাসরিনের বোন নাহিদ পারভীন চম্পাও চরমপন্থী সংগঠন গণ মুক্তিফৌজের সদস্য। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ দু'মাস আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪০ ঘ.
bdnews24