২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানায় ভাংচুর, অবরোধ

বাড়তি মজুরির দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকার তিনটি তৈরি পোশাক কারখানায় আবারো শ্রমিক বিক্ষোভ ও ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 03:24 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

সাভার, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়তি মজুরির দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকার তিনটি তৈরি পোশাক কারখানায় আবারো শ্রমিক বিক্ষোভ ও ভাংচুর হয়েছে। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ কারখানা তিনটি সোমবার বন্ধ রাখার ঘোষণা দেয়। বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর এই তিনটি কারখানায় গত ২৬ নভেম্বরে শ্রমিকরা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছিল। মাসুদ মিয়া, কামরুল হাসান, সাইফুল ইসলাম, রাবেয়া বেগম, শাহীনসহ এনভয় গ্র"পের কারখানা তিনটির কয়েকজন শ্রমিক জানান, বার্ষিক ছুটির টাকা, সাপ্তাহিক ছুটির দিনে কাজ করলে দ্বিগুণ ওভারটাইম বিল, যাতায়াতের গাড়ি ভাড়া তিনশ' টাকা ও দুপুরে খাবারের ভাতা মাসপ্রতি পাঁচশ' টাকা করার দাবিতে 'এনভয় ফ্যাশনস লিমিটেড, 'এনভয় ডিজাইনস লিমিটেড' ও 'মানতা অ্যাপারেলস লিমিটেড- এ আন্দোলন চলছিল। সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে এসে তাদের দাবির কথা কর্তৃপক্ষকে জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সকাল ৯টার দিকে শ্রমিকরা কারখানায় ভাংচুর চালায় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামগড়া এলাকায় অবরোধ করে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, অবরোধ চলাকালে পাশের 'ডিজাইনার জিন্স' নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেয় এবং আটকেপড়া বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় লাঠির আঘাতে ২০ জনের মতো শ্রমিক আহত হয়। সিরাজুল ইসলাম বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় জামগড়া ও নরসিংহপুর এলাকার স্টার লিংক গ্র"প, এম ডিজাইন, বান্ধো ডিজাইন, সেট ফ্যাশনসসহ অন্তত ৩০টি কারখানায় সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। এনভয় গ্র"পের কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি। কারখানা সোমবার (অদ্যকাল) বন্ধ উল্লেখ করে মূল ফটকে একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই তিনটি কারখানায় বেতন বোনাস আর বাড়তি মজুরির দাবিতে গত ২৬ নভেম্বর শ্রমিকরা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৯ ঘ.