নয়াদিল্লি, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে বিনা শুল্কে আরো বেশি পণ্য আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে ভারত।
সোমবার শেখ হাসিনার সঙ্গে এক বৈঠক শেষে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ থেকে শুল্কমুক্ত পণ্য ভারতে আসার বিষয়ে অনেক অলোচনা হয়েছে। আমরা চাই, বিনা শুল্কে অনেক পণ্য বাংলাদেশ থেকে আমাদের দেশে আসুক।"
স্থানীয় সময় বিকাল তিনটার দিকে আইটিসি মৌর্য হোটেলে শেখ হাসিনার কক্ষে তিনি বৈঠক করেন এবং বৈঠক শেষে বিকাল সাড়ে তিনটার দিকে বেরিয়ে যান।
হোটেলের লবিতে অপেক্ষমান সাংবাদিকদের প্রণব বলেন, "শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে।"
বাংলাদেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠায় তিনি শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
স্থানীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "আমাদের কোনো দাবি নেই। আমরা একে অপরের সমস্যা বুঝি। বাংলাদেশ যেমন আমাদের উদ্বেগ সম্পর্কে সচেতন ভারতও তেমনি বাংলাদেশের সমস্যা কোথায় তা বোঝে।"
প্রণব বলেন, "আমরা পারস্পরিক সহযোগিতা চাচ্ছিলাম। গত এক বছরে সেভাবেই হয়েছে।"
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর দু'দেশের সম্পর্ককে নতুন একটি যুগের দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১৭৩৪ ঘ.
bdnews24