চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মারক হিসেবে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি করেছেন প্রবীণ শিক্ষক আনিসুজ্জামান।
তিরিশের দশকের চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম সেনানী বিনোদ বিহারী চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে রোববার এ দাবি তোলেন প্রবীণ এই শিক্ষক।
নগরীর জেএম সেন হলে আয়োজিত তিনদিনের উৎসবের শেষদিন রোববার বিকালে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বিনোদ বিহারীকে 'বরাবরই বিস্ময় সৃষ্টিকারী একজন মানুষ' আখ্যা দিয়ে বলেন, "জন্ম শতবর্ষে এমন একজন মানুষকে সংবর্ধনা দিতে পেরে আমরা গর্ববোধ করি। আমরা সৌভাগ্যবান জন্মশতবর্ষে এসে তাঁর সংস্পর্শ পেয়েছি।"
ইউনূস চট্টগ্রাম যুব বিদ্রোহের কথা স্মরণ করে বলেন, তারুণ্যের দুঃসাহস ও কৈশোরের চাঞ্চল্য সংগঠিত করে সমগ্র ভারতবাসীর মাঝে স্বাধীনতার তাড়না ছড়িয়ে দেওয়া হয়েছিল। বিনোদ চৌধুরী সেই তরুণ-কিশোরদের একজন।
অনুষ্ঠানে বিনোদ বিহারী চৌধুরী জন্মদিনে চট্টগ্রামবাসীর ভালোবাসা তাকে আন্দোলিত করেছে জানিয়ে 'অসত্যের প্রতি প্রতিবাদের মধ্য দিয়ে দেশের চেহারা বদলে দেওয়ার' আহবান জানান।
শতবর্ষে তিনি আরও বেঁেচ থাকার অভিব্যক্তি জানিয়ে দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের সেবা করে যাবার স্বপ্ন দেখেন।
তিনি উপস্থিত সবার প্রতি বলেন, "সাহসিকতাই ধর্ম, দুর্বলতা কাপুুরুষতা পাপ। দুর্বল হবো না, কাপুরুষ হবো না। আমরা দেশের মানুষের কল্যাণে নিজেদের নিয়োগ করব।"
উৎসব কমিটির সভাপতি অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিনের সভাপতিত্বে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম, চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এ কে গোস্বামী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ভারতী রায়, রাজনীতিক আতাউর রহমান খান কায়সার, অধ্যাপিকা মাহফুজা খানম, অধ্যাপক সিকান্দার খান, সাংবাদিক আবুল মোমেন।
অনুষ্ঠানে বিচারপতি হাবিবুর রহমান বলেন, বিনোদ চৌধুরী তার আদর্শের পতাকা ১০০ বছর ধরে তরুণের মতো বহন করে চলছেন।
ড. ভারতী রায় বলেন, অন্যায়-উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ করাটাই বিপ্লবের মূলমন্ত্র। বিনোদ চৌধুরী অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস।
সভায় অন্যান্য বক্তারা রাষ্ট্রীয়ভাবে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর জন্মশতবর্ষ পালনের দাবি জানান।
এর আগে সকালে নগরীর ডিসি হিল চত্বরে বিনোদ বিহারী চৌধুরীকে জন্মশতবর্ষ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন। শিশু-কিশোর থেকে প্রৌঢ় সব বয়েসী নারী-পুরুষ প্রবীণ এ বিপ্লবীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।
এছাড়া শেষ দিনের অনুষ্ঠানে রাতে আবৃত্তি, একক গান ও সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
চট্টগ্রাম যুব বিদ্রোহের নায়ক মাস্টারদা সূর্যসেনের অন্যতম সহযোদ্ধা বিনোদ বিহারী ১৯১১ সালের ১০ জানুয়ারি জন্ম গ্রহণ করেন।
তার জন্মশতবর্ষ উপলক্ষে শুক্রবার থেকে নগরীতে তিনদিনে অনুষ্ঠান শুরু হয়। নগরীর শহীদ মিনার, ডিসি হিল, মুসলিম ইন্সটিটিউট ও জেএম সেন হল চত্বরে এ অনুষ্ঠান চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জিএনএ/২৩১৬ ঘ.
bdnews24