কক্সবাজার, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটে রোববার সকালে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের পর পুলিশ গোরকঘাটার সিকদার পাড়া এলাকায় বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায় বলে অভিযোগ করেছে স্থানীয়রা। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
আহতদের মধ্যে দু'জন সহকারী উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে গোরকঘাটা বাজারে মহেশখালী উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছোট ভাই আতা উল্লাহর সঙ্গে পৌর মেয়র সরওয়ার আজমের ভাইপো ইয়াসিরের কথা কাটাকাটি হয়। এর পরপরই বিষয়টি মীমাংশাও হয়ে যায়।
কিন্তু আতা উল্লাহর এলাকা সিকদার পাড়ায় গুজব ছড়িয়ে পড়ে যে তাকে গোরকঘাটা বাজারে মারধর করা হচ্ছে। এ গুজব শুনে সিকদার পাড়ার লোকজন গোরকঘাটা বাজার এলাকায় অবস্থান নেয়। এই খবর ছড়িয়ে পড়লে পুটিবিলা এলাকা থেকে ইয়াসিরের লোকজনও এসে গোরকঘাটা বাজারে অবস্থান নেয়। এ সময় দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পুটিবিলার লোকজন এলাকা ত্যাগ করলেও সিকদারপাড়ার লোকজন পুুলিশের প্রতি ইটপাটকেল ছোড়ে। এতে দুপক্ষের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মুজিবর রহমান ও লিটন চন্দ্র দাস, কনস্টেবল মো. এমরান, পুলিশের গাড়ির সহকারী আবু বক্কর, পথচারী শফিউল আলম, সব্বির আহমদ ও শামসুল আলম।
অন্যদের নাম জানা যায়নি।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
আতা উল্লাহ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে। তারা সিকদারপাড়ার বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুরও করেছে।
মহেশখালী থানার ওসি স্বপন কুমার নাথ জানান, পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু একটি পক্ষ তাদের উপর হামলা চালায়। পরে কক্সবাজার থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বাড়ি-ঘরে হামলার অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, পুলিশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল। এ সময় দুজনকে আটক করা হয়। তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৬ ঘ.
bdnews24