ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোায়েন্টিফোর ডটকম)- ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফরে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়েছেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ২২ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লীর জন্য উড্ডয়ন করে। (আরো তথ্যসহ)
চারদিনের সফরে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন হাসিনা।
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই শেখ হাসিনা প্রথম ভারত সফর।
বিমান বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রিসভার সদস্যবর্গ, তিন বাহিনী প্রধানসহ সরকারি ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তারা।
রাত ৮টার দিকে নয়াদিল্লির পালাম বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করার কথা রয়েছে।
ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী এবং লোকসভায় বিরোধী দলীয় নেতা বিজেপির সুষমা স্বরাজের সঙ্গে সোমবার বৈঠক করবেন হাসিনা।
সেদিন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেওয়া এক নৈশভোজেও যোগ দেবেন তিনি।
এ সফরে অপরাধ দমন বিষয়ে ভারত-বাংলাদেশের মধ্যে তিনটি চুক্তি এবং বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
চুক্তিগুলো হলো: অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি।
প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বাণিজ্য প্রতিনিধি দলও ভারত যাচ্ছে।
শেখ হাসিনা বুধবার আজমীরে সুফি খাজা মইনুদ্দীন চিশতির মাজার জিয়ারত করবেন। এছাড়া রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধাও জানাবেন তিনি।
হাসিনার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, গওহর রিজভীসহ অনেকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়ও রয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরের আগে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা হলেও এ সফরে কোনো চুক্তি হচ্ছে না বলে ইতিমধ্যে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সফরে শেখ হাসিনা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই), ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) এবং অ্যাসোসিয়েশন অব চেম্বার্স আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর সফরের সফলতা কামনার পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্র"তি আদায়ের তাগিদ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে দুই দেশের মধ্যে কোনো চুক্তি না করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানান।
সফর শেষে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/আরএ/এমআই/এসকে/১৮৪১ঘ.
bdnews24