২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন খুনির প্রাণ ভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয়ে

বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ড পাওয়া কারাবন্দি পাঁচ খুনির মধ্যে তিনজনের প্রাণভিক্ষার আবেদন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 12:24 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ড পাওয়া কারাবন্দি পাঁচ খুনির মধ্যে তিনজনের প্রাণভিক্ষার আবেদন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন। অন্য দুজন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান এ আবেদন করেননি। তবে তারা দুই জন কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন, তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রায় রিভিউর জন্য আবেদন করবেন। খুনিদের মধ্যে পাঁচজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার বলেন, "কারা মহাপরিদর্শকের মাধ্যমে তিনজনের আবেদন আমরা পেয়েছি। রোববারই তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামতের পর সারসংক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এ আবেদন যাবে।" এর আগে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন ও সচিবের সঙ্গে দেখা করেন। এ সময় কারা মহাপরিদর্শক তিনজনের প্রাণভিক্ষার আবেদন হস্তান্তর করেন। এছাড়াও অন্য দু'জনের পক্ষে আদালতের রায় পুনরায় পর্যালোচনার জন্য আবেদন জানানো হবে বলেও তিনি তাদের জানান। এ ব্যাপারে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান সাংবাদিকদের জানান, তিনজনের প্রাণভিক্ষার আবেদনের পাশাপাশি অন্য দু'জনের রায় পুনরায় পর্যালোচনা করার আবেদনের বিষয়টিও তাদের জানানো হয়েছে। রায় পর্যালোচনার আবেদন পেলেই তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার জানান, তিনজনের আবেদন পাওয়া গেছে। এগুলো মতামতের (ভেটিং) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অন্যদের আবেদন পাওয়া গেলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই আদালতের কাছে পাঠানো হবে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমকে/এসকে/২০৩৬ঘ.