২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি ব্যাংককর্মীদের নতুন বেতন কাঠামো আসছে

কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রায়াত্ত তিন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শিগগিরই আলাদা বেতন কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 11:39 AM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রায়াত্ত তিন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শিগগিরই আলাদা বেতন কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি রোববার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "আমাদের সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংক ও তিন বাণিজ্যিক ব্যাংকের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা প্রয়োজন বলে আমরা মনে করছি।" বাংলাদেশ ব্যাংক ছাড়া অপর তিন ব্যাংক হচ্ছে- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক। "বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই সরকারি ব্যাংকগুলোতে নতুন বেতন কাঠামো প্রয়োজন", বলেন মুহিত। কবে নাগাদ ব্যাংক কর্মকর্তাদের নতুন বেতন কাঠামো ঘোষণা হবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "সুনির্দিষ্ট করে বলতে চাই না। তবে দ্রুত করতে চাই।" অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংক ও তিন ব্যাংককে নতুন বেতন কাঠামোর একটি সুপারিশ তৈরি করতে বলা হয়েছে। ব্যাংকগুলোর পরিচালনা পর্যদ বৈঠক করে তা অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। তা পর্যালোচনার জন্য মন্ত্রণালয় একটি কমিটি করবে। মুহিত বলেন, ওই কমিটি সুপারিশগুলো পর্যালোচনা করে কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটি এবং অন্য তিন ব্যাংকের জন্য আলাদা আরেকটি বেতন কাঠামোর খসড়া তৈরি করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানরা দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টি সরকারের বিবেচনায় আছে বলে মুহিত জানান। ওই ব্যাংকটি একটি বিশেষায়িত ব্যাংক হবে বলেও আভাস দেন তিনি। বর্তমানে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচআর/এমআই/১৭২৬ ঘ.