রাজশাহী, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী পলিটেকনিক ইনিস্টিটিউটে ছাত্রমৈত্রী নেতা রেজওয়ানুল ইসলাম চৌধুরী ওরফে সানি খুনের ঘটনায় গ্রেপ্তার করা চার ছাত্রলীগ কর্মীকে পুলিশ হেফাজতে নিয়ে পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রোববার দুপুরে তাদের রাজশাহী মহানগর হাকিমের আদালতে হাজির করে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় পুলিশ।
শুনানি শেষে হাকিম আমিরুল ইসলাম পাঁচদিনের অনুমতি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন।
গ্রেপ্তার করা চার ছাত্রলীগ কর্মী হলেন- নাজমুল হুদা, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম মানিক ও নাহিদ সারোয়ার।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় পলিটেকনিক শাখা ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সানি মারা যান। আহত হন একই শাখার সভাপতি কাজী মোতালেব হোসেন জুয়েল ও আরেক সহ-সভাপতি শেরাফত আলী ওরফে বুলবুল।
ঘটনার পরপরই একটি ছাত্রবাস থেকে এই চার ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। রাতে বোয়ালিয়া থানায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন সানির বাবা মনোয়ার হোসেন চৌধুরী।
এই মামলায় ওই চারজনকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমাউল হক বলেন, সন্ধ্যার পর থেকে চার আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু হবে।
এদিকে সানি হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রমৈত্রী রাজশাহী মহানগর শাখার দুদিনের কর্মসূচির প্রথম দিন নগরীর ক্যাম্পাসগুলোতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছাত্রমৈত্রী বিক্ষোভ মিছিল করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নগর সভাপতি মতিউর রহমান মতি, পলিটেকনিক শাখার নেতা রাফিউল, সুজন জাহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
রাবি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী-নাটোর মহাসড়ক হয়ে ক্যাম্পাসের কাজলা গেটে সমাবেশে মিলিত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা।
সমাবেশে রাবি শাখা ছাত্রমৈত্রীর আহ্বায়ক মাজহারুল ইসলাম রিপন, মহানগর শাখার সাধারণ আফসারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম স্বপন বক্তব্য রাখেন।
এছাড়া নিউ গভ. ডিগ্রি কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
এসব কর্মসূচি থেকে অবিলম্বে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ খুনিদের গ্রেপ্তার এবং বিচার দাবি করা হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
একই দাবিতে সোমবার রাজশাহীর উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসুচি পালন করা হবে বলে নেতাকর্মীরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24