২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালের কন্ঠের সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে মামলা

কারণ দর্শানো ছাড়া চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগে সদ্য প্রকাশিত দৈনিক কালের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে নাটোরের একটি আদালতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 11:01 AM

Updated : 24 Aug 2022, 06:06 PM

নাটোর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারণ দর্শানো ছাড়া চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগে সদ্য প্রকাশিত দৈনিক কালের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে নাটোরের একটি আদালতে মামলা হয়েছে। রোববার পত্রিকাটির সাবেক নাটোর জেলা প্রতিনিধি ফারাজী আহম্মদ রফিক ওরফে বাবন জেলার জেষ্ঠ সহকারী জজ শারমিন আক্তারের আদালতে মামলাটি করেন। বাদি পত্রিকাটির নাটোর প্রতিনিধি নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানান। শুনানি শেষে আদালত আগামী ১৫ দিনের মধ্যে বিবাদীদেরকে কারণ দর্শানোর নির্দেশ দেন। একই সঙ্গে বিবাদীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ফেব্র"য়ারি। মামলার এজাহারে বলা হয়, গত ২৫ অক্টোবর বাদিকে কালের কণ্ঠ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি পদে নিয়োগ দেওয়া হয়। বাদি যোগদানপত্রে স্বাক্ষর করে কাজে যোগ দেন। কিন্তু কোনো কারণ ছাড়াই গত ২৪ নভেম্বর বাদিকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে চিঠি পাঠানো হয়। ওই পদে ইতোমধ্যে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। ফারাজী আহম্মদ রফিক সাংবাদিকদের বলেন, "যোগদানের পর আমি নিয়োগের কোন শর্ত ভঙ্গ করিনি। আমাকে কোনো প্রকার কারণ দর্শানোর সুযোগ না দিয়ে বাদ দেওয়া হয়েছে।" তার আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, "বাদি নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি বার্তা সংস্থা বাসসের নাটোর প্রতিনিধিও ছিলেন। কালের কন্ঠ কর্তৃপক্ষ অব্যাহতি দেওয়ায় তিনি সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬৫৪ ঘ.