ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার প্রচেষ্টার অভিযোগ তুলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন দাবি করেছে, মডেল পিএসসির নামে দেশের জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশে ছাত্র ফেডারেশন নেতারা এ দাবি করেন।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রবীর সাহা বলেন, "বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ভারতের সঙ্গে ট্র্যানজিট চুক্তি, টিপাইমুখ বাঁধ, দক্ষিণ এশীয় টাস্কফোর্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টিফা চুক্তি মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে।"
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সৈকত মল্লিক বলেন, "বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলাদেশের জাতীয় সম্পদের তথা তেল-গ্যাস-কয়লার ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার মধ্যে।"
সরকার মডেল পিএসসির মাধ্যমে দেশের জাতীয় সম্পদ যুক্তরাষ্ট্রে পাচারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দীপংকর ঘোষ, ঢাবি শাখার সাধারণ সম্পাদক মোস্তফা হামেদী, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হাবীবুর রহমান।
এর আগে সংগঠনটি ক্যাম্পাসে একটি মিছিল বের করে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ১২ জানুয়ারির 'মানব বন্ধন' সফল করার আহ্বান জানিয়ে এ মিছিল ও সমাবেশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২৩৫৬ঘ.
bdnews24