২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সানি হত্যার বিচার দাবিতে মিছিল

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রমৈত্রী নেতা রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে শনিবার নগরীতে শোক মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 05:23 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

রাজশাহী, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রমৈত্রী নেতা রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে শনিবার নগরীতে শোক মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। বিকালে মহানগর শাখা ছাত্রমৈত্রীর উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই জায়গায় শেষ হয়। ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদক লিয়াকত আলী লিকু, সম্পাদক মণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, আবু সাঈদ, দেবাশিষ প্রামাণিক দেবু, আব্দুর রহিম, ফেরদৌস জামিল টুটুল, জেলা ওয়ার্কার্স পার্টি সম্পাদক রফিকুল ইসলাম পিয়ারুল, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান আলম এবং যুবমৈত্রীর নগর সভাপতি মনির উদ্দিন পান্না আন্দোলনকারীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রমৈত্রীর নগর সভাপতি মতিউর রহমান মতি বলেন, "ছাত্রলীগের সন্ত্রাসীরা সানিকে হত্যা করে পলিটেকনিকে ছাত্রমৈত্রীর রাজনীতি বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু হত্যা-নির্যাতন চালিয়ে কখনো কারো রাজনীতি বন্ধ করা যায় না।" বিশেষ মহলের চাপে পুলিশ সানির খুনিদের গ্রেপ্তার করছে না অভিযোগ করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার দাবি করেন তিনি। রোববার রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের পক্ষে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ এবং সোমবার উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় সমাবেশ থেকে। গত বৃহস্পতিবার ছাত্রলীগ কর্মীদের হামলায় পলিটেকনিক শাখা ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সানি নিহত হন। আহত আরেক সহ-সভাপতি বুলবুলকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ছাড়া একই হামলায় গুরুতর আহত সভাপতি কাজী মোতালেব হোসেন জুয়েল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সানির বাবা মনোয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার দিন ক্যাম্পাসের ছাত্রবাস থেকে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী নাজমুল হুদা, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম মানিক ও নাহিদ সারোয়ারকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিন জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রোববার এর শুনানি হওয়ার কথা রয়েছে। বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ মামলার অন্য আসামিদেরও খুঁজছে। যে দলেরই হোক না কেন তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ সার্বক্ষণিক তৎপর আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/২৩০৯ ঘ.