পাবনা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা টেক্সটাইল ইনস্টিটিউটে শনিবার ছাত্র-পুলিশ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
আহত ছাত্র আব্দুল্লাহ আল মাহমুদ (২০), হুমায়ুন কবির (২১), মনিরুজ্জামান মিন্টু (১৯), পথচারী জয়নাল (৪৫), শিবেন (৩৪) ও আমজাদকে (৫৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরীক্ষার ফল বাতিলের দাবিতে ইনস্টিটিউটের বিএসসি শেষ পর্বের ছাত্ররা শনিবার সকালে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে।
এতে পুলিশ লাঠিচার্জ করলে ছাত্র-পুলিশ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ছাত্ররা ইনস্টিটিউটের বিভিন্ন ভবনে ভাংচুর করে।
শেষ পর্বের ছাত্র মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসসি ষষ্ঠ পর্বের (শেষপর্ব) পরীক্ষায় ১৯৭ জনের মধ্যে মাত্র ৯৯ জন কৃতকার্য হয়।
তিনি বলেন, "ইনস্টিটিউটের শিক্ষকরা খাতাগুলো সঠিকভাবে দেখেননি এবং ইচ্ছাকৃতভাবে তাদের নম্বর কম দিয়ে পরীক্ষায় ফেল করিয়ে দিয়েছেন।
"তাই পরীক্ষার ফলাফল বাতিল এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বিচারের দাবিতে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে ছাত্ররা।"
পাবনা সদর থানার ওসি মতিয়ার রহমান বলেন, ছাত্রদের অবরোধের কারণে মহাসড়কে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে। পুলিশের অনুরোধে তারা অবরোধ না তোলায় বাধ্য হয়ে লাটিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করতে হয়।
তিনি বলেন, এর আধা ঘণ্টা পর ছাত্ররা ইনস্টিটিউটের ভেতরে বিভিন্ন ভবনে আসবাপত্র ও জানালা-দরজার ব্যাপক ভাংচুর করে। ছাত্র-পুলিশে প্রায় দেড়ঘন্টা সংঘর্ষ চলে।
বিকাল ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
ইনস্টিটিউটের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি।
অফিস সহকারী আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইনস্টিটিউটের ক্লাস যথারীতি চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪২ ঘ.
bdnews24