২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর কর্মকর্তার পাখি শিকারে প্রতিবাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার একটি দীঘিতে পাখি শিকার করতে এসে বিডিআর'র এক কর্মকর্তা স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়েন। পরে তিনি ভুল স্বীকার করে এলাকা ত্যাগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 02:41 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

পঞ্চগড়, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ের বোদা উপজেলার একটি দীঘিতে পাখি শিকার করতে এসে বিডিআর'র এক কর্মকর্তা স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়েন। পরে তিনি ভুল স্বীকার করে এলাকা ত্যাগ করেন। শনিবার সকালে উপজেলার ময়দাদীঘি ইউনিয়নের ময়দানদীঘিতে ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান পাখি শিকার করতে গেলে এ ঘটনা ঘটে। বিডিআর কর্মকর্তার পাখি শিকারের ঘটনা তদন্তে জেলা প্রশাসন কমিটি করেছে। জেলা প্রশাসক বনমাল ভৌমিক সাংবাদিকদের বলেন, তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও পুলিশ জানায়, লে. কর্নেল মাহফুজুর রহমান তার টু টু বোর রাইফেল দিয়ে ময়দানদীঘিতে দুইটি অতিথি পাখি শিকার করেন। গুলির শব্দ শুনে ময়দানদীঘি বাজারে উপস্থিত লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং পাখি শিকারের প্রতিবাদ জানান। বিডিআর কর্মকর্তা নিজের পরিচয় দিয়ে নানাভাবে লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু লোকজন মারমুখী হয়ে উঠলে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আশ্রয় নেন। লোকজন তাকে অবরুদ্ধ করে ঘটনার বিচার দাবি করেন। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার এসে পরিস্থিতি শান্ত করেন। ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, অধিনায়ক দুঃখ প্রকাশ ও ভুল স্বীকার করায় লোকজন শান্ত হয়। শিকার করা পাখিগুলো তিনি সঙ্গে নিয়ে গেছেন। তিনি জানান, এর আগেও এই বিডিআর কর্মকর্তা পাখি শিকার করতে এসেছিলেন। তখনও তাকে নিষেধ করা হয়েছিল। বোদা থানার ওসি কায়সার আলী জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি পুরো ঘটনা জেনেছেন। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসানুল পারভেজকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য লে. কর্নেল মাহফুজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। তার কার্যালয়ে ফোন করলে অপারেটর আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্যার ফোন ধরছেন না। তিনি সম্ভবত বিশ্রামে রয়েছেন।" স্থানীয়রা জানান, গত ১০ বছর ধরে শীত মওসুমে অতিথি পাখি এই দীঘিতে আসে। প্রতিদিন সকালবেলা ঝাঁক বেঁধে এসে সারাদিন থেকে সন্ধ্যায় পাখিগুলো ফিরে যায়। বিডিআর কর্মকর্তা গুলি করে পাখি শিকারের পরপরই সব পাখি চলে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.