২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বোমা বিস্ফোরণে আহত ১

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় শনিবার সকালে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 11:50 AM

Updated : 24 Aug 2022, 06:06 PM

মেহেরপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের মুজিবনগর উপজেলায় শনিবার সকালে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার কোমরপুর গ্রামে অন্যের জমিতে কাজ করার সময় সেখানে পড়ে থাকা বোমাটি বিস্ফোরিত হলে রাজিত আলী (৩৫) নামের এই ব্যক্তির ডান হাতের কব্জি উড়ে যায়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজিত একই উপজেলার মহাজনপুর গ্রামের বাসিন্দা। হাসপাতালে রাজিত আলী সাংবাদিকদের জানান, তিনি কোমরপুরের মতির সবজি ক্ষেতে কাজ করছিলেন। এ সময় জমিতে পড়ে থাকা একটি কৌটায় নিড়ানীর আঘাত পড়লে বিকট শব্দ হয়। এরপর তার কিছু মনে নেই। মুজিবনগর থানার ওসি জালাল উদ্দিন জানান, স্থানীয়রা খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিতকে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে আসে। পুলিশের দাবি, নাশকতা সৃষ্টির জন্য বোমাটি সন্ত্রাসীরা দৃর্বৃত্তরা রেখেছিল। এ অঞ্চলে সক্রিয় চরমপন্থীরা বোমা লুকিয়ে রাখে ফসলি জমিতে। দরকার হলে সেখান থেকে সংগ্রহ করে ব্যবহার করে। গত তিন মাসে এই অঞ্চলের কয়েকটি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ ১০টি বোমা উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.