ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) পিটিয়ে ও গুলি করে দুই বাংলাদেশিকে হত্যা করেছে।
শনিবার সকালে এ দুটি ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি জানান, শার্শা থানার গোগা হরিশচন্দ্রপুর সীমান্তের বিপরীতে ভারতের পিপলি এলাকায় হযরত নামে একজনকে বিএসএফ জওয়ানরা পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
নিহত হযরত হরিশচন্দ্রপুর গ্রামের জহুর আলীর ছেলে।
গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান সাংবাদিকদের জানান, শনিবার ভোর রাতে হযরত গরু নিয়ে ভারত থেকে দেশে ফেরার সময় পিপলি এলাকায় বিএসএফ সদস্যরা তাকে আটক করে লাঠিপেটা করে।
তারা হযরতের মৃত্যু নিশ্চিত করে লাশ টেনে হেঁচড়ে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফ'র গুলিতে নিহত হয়েছেন মনিরুল ইসলাম (২৩) নামে একজন।
মনির শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মুন্সীপাড়া গ্রামের আব্দুল কাইয়ুম মন্টুর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়রা জানায়।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে মনিরুল শিংনগর সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ১৭২ এলাকায় যান। এ সময় ভারতের মালদা বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের জওয়ানরা গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর) লাশটি উদ্ধার করে। বিডিআর এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফ'কে চিঠি দিয়েছে বলে তিনি জানান।
গত বছর ঢাকা অনুষ্ঠিত বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলনে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্র"তি দেওয়ার পরও বিএসএফ'র হাতে বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬০৯ ঘ.
bdnews24