ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় পারভেজ মোশাররফ ও অনুপ চেটিয়ার বৈঠক নিয়ে সৈয়দ আশরাফুল ইসলামের দেওয়া বক্তব্য 'দায়িত্বজ্ঞানহীন' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি ওই 'বৈঠকের' খবর সাকচ করে এ বিষয়ে কোনো তথ্যপ্রমাণ থাকলে তা জনগণের সামনে তুলে ধরার জন্যও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপি মহাসচিব শনিবার সাংবাদিকদের বলেন, "তার (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী) মতো একজন ব্যক্তির এ রকম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ ধরনের হালকা কথা তার বলা উচিত নয়।"
আশরাফ শুক্রবার এক অনুষ্ঠানে বলেছিলেন, "বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরকালে কারাবন্দি উলফা নেতা অনুপ চেটিয়ার দেড় ঘণ্টার একটি বৈঠক হয়েছিলো।"
অনুপ চেটিয়া ১০ বছর ধরে বাংলাদেশে কারাবন্দি।
দেলোয়ারের নেতৃত্বে বিএনপির উপদেষ্টা পরিষদ, সহসভাপতিসহ বিএনপির নবগঠিত জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা সকালে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেন। তবে নতুন নেতাদের অধিকাংশই এ কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন।
৩২ সদস্যর উপদেষ্টা পরিষদের যাদের দেখা গেছে, তারা হলেন- শাহজাহান ওমর, মুশফিকুর রহমান, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, খন্দকার মাহবুব হোসেন, আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, আবদুল হালিম, শওকত মাহমুদ ও এ জেড এম জাহিদ হোসেনকে।
১৫ জন সহসভাপতির মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, ও শমসের মবিন চৌধুরী। সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অপর সাত যুগ্ম মহাসচিবের কাউকেই দেখা যায়নি।
গত ৮ ডিসেম্বর বিএনপির কাউন্সিল অধিবেশনের পর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ৩৮৬ সদস্যের নতুন জাতীয় নির্বাহী কমিটি ও ৩২ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করেন।
শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দেওয়ার পর দেলোয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি নতুন উদ্যমে দলকে এগিয়ে নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপি মহাসচিব বলেন, "আশা করছি, প্রধানমন্ত্রী দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে ভারত সরকারের সঙ্গে আলোচনা করবেন। দেশের স্বার্থবিরোধী কোনো অকল্যাণকর চুক্তি সম্পাদন করবেন না।"
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের আশা করে দেলোয়ার বলেন, "আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই, তবে কোনোভাবে নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়।"
কারাবন্দি অবস্থায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম বাকির হোসেনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন দেলোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১৪ ঘ.
bdnews24