প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ শিক্ষক চন্দন কুমার চক্রবর্তীর লাশ মর্গে পড়ে আছে ১৫ দিন, সৎকার হচ্ছে না; কারণ মামলা।
চন্দনের স্ত্রী তিথী চক্রবর্তী সৎকারের জন্য লাশ চাইলেও নিজেকে চন্দনের দ্বিতীয় স্ত্রী দাবি করে আকলিমা আক্তার পলি নামে অপর এক তরুণী বলছেন, চন্দন ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেছিলেন।
বিভ্রাট দেখা দেওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। রোববার ঢাকার হাকিম আদালত এ বিষয়ে আদেশ দিতে পারে।
গত ২৫ ডিসেম্বর রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় ছুরিকাঘাতে খুন হন খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের শিক্ষক চন্দন চক্রবর্তী (৪৫)। খিলগাঁও চৌধুরীপাড়ায় থাকতেন তিনি।
চন্দনের স্ত্রী তিথী কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে দেশে ফেরেন তিনি।
তিথী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৬ ডিসেম্বরে রাত সাড়ে ৩টায় পলি নিজেকে চন্দনের ছাত্রী পরিচয় দিয়ে মোবাইল ফোনে আমাকে জানায়, 'চন্দন স্যার এক্সিডেন্টে মারা গেছেন'। খবর শুনেই দেশে ফিরি আমি।"
তিথী সৎকারের জন্য স্বামীর লাশ চাইলে তখন পলিও লাশ দাবি করে জানায়, চন্দন তাকে বিয়ে করেছিলো।
দাবিদার দুজন হওয়ায় পুলিশ কাউকেই লাশ না দেয়নি। ফলে লাশ পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
তিথী তার আইনজীবীর মাধ্যমে গত ২৭ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বামীর লাশ পাওয়ার আবেদন করেন।
হাকিম এ কে এম এনামুল হক কয়েক দফায় ওই আবেদনের ওপর শুনানির পর রোববার চন্দনের কথিত দ্বিতীয় বিয়ের কাজী এবং বিয়ের হলফনামা সম্পাদনকারী নোটারি পাবলিকের বক্তব্য শোনার জন্য দিন ধার্য করেছেন।
তিথী জানান, ১৯৮৬ সালের ১২ জুলাই তাদের বিয়ে হয়। তার দাবি, চন্দনের ধর্মান্তরিত হওয়া ও দ্বিতীয় বিয়ের ঘটনা সাজানো।
অন্যদিকে পলি সাংবাদিকদের বলেন, "চন্দন আমার শিক্ষক ছিলেন। তিনি ভালবেসে ইসলাম ধর্ম গ্রহণ করে সাজ্জাদ হোসেন নাম নিয়ে শরীয়ত মেনে আমাকে বিয়ে করেছেন। তাই লাশ দাফনের অধিকার আমার।"
তিথীর আইনজীবী শ্যামল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পলি দাবি করেছেন যে ২০০৫ সালে তাদের বিয়ে হয়। কিন্তু ২০০৭ সালে চন্দন এ নামেই ভোটার হয়েছেন, সাজ্জাদ নামে নয়।"
চন্দনের মৃত্যুর পর পুলিশ বাদি হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করে। তাতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করা হয়।
তিথী ফেরার পর আদালতে আরেকটি মামলা করেছেন। ওই মামলায় ঢাকার মহানগর হাকিম এ এম জুলফিকার হায়াত গত বুধবার চন্দন হত্যা মামলা তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১১৫৫ ঘ.
bdnews24