২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে: মন্ত্রী

মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 07:09 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

চাঁদপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম। চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মেলায় শুক্রবার রাতে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি এলাকার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বিশেষ প্রকল্পে কাজে লাগিয়ে ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রতিটি জেলায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায়ও এরূপ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের চিন্তা-ভাবনা রয়েছে। চাঁদপুরের একশ' অস্বচ্ছল ও দুঃস্থ মুক্তিযোদ্ধাকে পাঁচ হাজার করে মোট পাঁচ লাখ টাকা সরকারিভাবে অনুদান দেওয়া হবে বলে মন্ত্রী জানান। মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস মুহম্মদ আজিম উদ্দীন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ। অন্ঠুানে ২৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দেন প্রতিমন্ত্রী। এর আগে বিকালে তিনি চাঁদপুর সদর উপজেলার বাবুরবাহট এলাকায় মুক্তিযোদ্ধা শহীদ হাবিবুল্লাহ ভূঁইয়ার মায়ের নামে হাজেরা হাসমত সড়কের ফলক উন্মোচন করেন। ওই অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সংসদে প্রস্তাব পাশ করা হয়েছে। তিনি এ সময় মুক্তিযুদ্ধে জীবন দানকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়া প্রতিমন্ত্রী ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় মুক্তিযোদ্ধা শহীদ হাবিবুল্লাহ ভূঁইয়া সড়ক এবং শহরের বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল করিম পাটওয়ারী সড়ক ফলকেরও উন্মাচন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.