২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

ব্যাপক অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 07:01 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মেহেরপুরে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। শেরপুরে বিশৃঙ্খলার কারণে পরীক্ষা শুরু হয় আধঘণ্টা পর। অন্যের নামে পরীক্ষা দেওয়ার চেষ্টা এবং প্রশ্নপত্র জালিয়াতির ঘটনাও ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- মেহেরপুর: পরীক্ষার আগে ফাঁস হওয়া প্রশ্নের চারসেট উত্তর তৈরি করে বাইরে থেকে বিভিন্ন কেন্দ্রে বিশেষ বিশেষ পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা হয় বলে অনেকে অভিযোগ করেন। অনেক পরীক্ষার্থী মোবাইল ফোনে বাইরে থেকে সাহায্য নিয়ে পরীক্ষা দেন। পরীক্ষার আসন বিন্যাসের নিয়ম ভেঙে কাউকে কাউকে বিশেষ কক্ষ ও স্থানে বসানো হয়েছে বলেও অনেক শিক্ষার্থী অভিযোগ করেন। মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, পৌর কলেজ, কাজী নজরুল শিক্ষা মঞ্জিল ও মেহেরপুর মহিলা কলেজ কেন্দ্রের অনেক পরীক্ষার্থীর উপস্থিতি স্বাক্ষর নির্দিষ্ট ছকে না নিয়ে সাদা কাগজে নেওয়া হয়েছে। এ নিয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা হইচই শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেহেরেপুর মহিলা কলেজ কেন্দ্রের আলেয়া ও সুরাইয়া এবং মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আবীর হাসান বলেন, অনেক পরীক্ষার্থী পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গে বাইরে থেকে সরবরাহ করা উত্তরপত্র দেখে পরীক্ষা দেওয়া শুরু করেন। আগে প্রকাশ হওয়া প্রশ্ন অনুযায়ী উত্তর তৈরি করা হয় বলেও তারা অভিযোগ করেন। মেহেরপুরে ১০০ শিক্ষক নিয়োগের জন্য ১১টি পরীক্ষা কেন্দ্রে মোট চার হাজার ২৫৪ জন পরীক্ষা দেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ন্ত্রক সিদ্দীকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেউ গোপনে কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে গেলে তা রোধ করার দায়িত্ব কক্ষ পরিদর্শকের। আর কেন্দ্রের কক্ষের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কয়েকগুণ বেশি হওয়ায় ধারাবাহিক আসন বিন্যাস করা যায়নি।" সাদা কাগজে স্বাক্ষর নেওয়া বিষয়ে তিনি বলেন, শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো কিছু উপস্থিতি শিট ভুলে ২০০৮ সালের চলে আসায় তাৎক্ষণিক সিদ্ধান্তে কিছু পরীক্ষার্থীর উপস্থিতি স্বাক্ষর সাদা কাগজে নেওয়া হয়। এটা বেআইনি কাজ হয়নি। প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রের বাইরে থেকে উত্তরপত্র সরবরাহ করার অভিযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। শেরপুর: একটি পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে পরীক্ষা শুরু হয়। কেন্দ্রের ভেতর বহিরাগত ঢুকে পরীক্ষা দেয়। কথিত 'ভিআইপি' পরীক্ষার্থীদের একটি তালিকাবহির্ভূত গোপন কক্ষের সন্ধান পাওয়া যায়। শেরপুর সদর উপজেলার জি. কে. পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হল সুপারিনটেনডেন্ট মো. আজাহার আলীর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এ কারণে পরীক্ষা শুরুর আগে জেলা প্রশাসক এসে ওই কেন্দ্রের সব হলের পরিদর্শকদের দায়িত্ব পরিবর্তন করে দেন। এতে পরীক্ষা শুরু হতে প্রায় ৩০ মিনিট দেরি হয়। এ ছাড়া ২৫ নম্বর কক্ষে ৭৫১৯ রোল নম্বরে ফারজানা ইয়াছমিন ও আহসান হাবিব নামে দুইজন এবং ৭৫২০ রোল নম্বরে নুরুজ্জামান ও মাহমুদা আক্তার নামে দুইজনসহ এমন মোট ছয় জোড়া পরীক্ষার্থী পাওয়া যায়। শহরের আইডিয়াল প্রি-ক্যাডেট হাই স্কুল ও আফসর আলী বালিকা বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে পরীক্ষার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে উত্তর বলে দেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন পরীক্ষার্থী। এসব অনিয়মের জন্য জি. কে. কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজাহার আলীকে দায়ী করেন পরীক্ষার্থীরা। এ ব্যাপারে মো. আজাহার আলী বলেন, "আমার এ কেন্দ্রে কোনো অনিয়ম হয়নি। প্রশ্ন আসতে দেরি হওয়ায় ৩০ মিনিট পর পরীক্ষা শুরু হয়েছে।" জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান বলেন, জি. কে. পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টাকা পয়সার বিনিময়ে ইচ্ছেমত ইনভিজিলেটর নিয়োগ করার অভিযোগ পাওয়ার পর পরীক্ষা শুরুর ক্ষাগে আমরা তাৎক্ষণিক সকল ইনভিজিলেটরকে পরিবর্তন করে দেই। এ কারণে পরীক্ষা ৩০ মিনিট পর শুরু হয়। আজাহার আলীর বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে তিনি বলেন, "এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন পরীক্ষায় স্বজনপ্রীতি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আমি তার বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেব।" চাঁপাইনবাবগঞ্জ: শহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সদর থানার উপ-পরিদর্শক সালেহা বেগম বলেন, রবিউল ইসলাম (২২) একই এলাকার আবু সেলিমের পরিবর্তে পরীক্ষা দিতে আসেন। সন্দেহ হওয়ার পর কাগজপত্র যাচাই করে ধরা পড়লে তাকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা: অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে পুলিশ সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে। সাইফুল সরকারি জিএন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আসাদুজ্জামানের হয়ে পরীক্ষা দিতে এসে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়েন। তাকে সদর থানায় সোপর্দ করার পর উপজেলা শিক্ষা কর্মকর্তার পক্ষে সহকারী শিক্ষক রণজিৎ কুমার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে ১৪ জনকে আটক করে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়। প্রত্যেক প্রার্থীর কাছ থেকে দুই লাখ টাকা করে নিয়ে একটি প্রতারক চক্র তাদের প্রশ্নপত্র সরবরাহ ও উত্তর ঠিক করে দেয় বলে আটকরা জানিয়েছে। শহরের মুনজিতপুর এলাকার অ্যাডভোকেট আলাউদ্দিনের বাড়ি থেকে আটক ১৪ জন হলেন- তালা উপজেলার বলরামপুরের নীলিমা মল্লিক, আশাশুনি উপজেলার শ্রীউলার ফারুক হোসেন, রাকিবুল হাসান, শীতলপুরের আজহারুল ইসলাম, কাকবাসিয়ার শামিমা নার্গিস, আসাফুর রহমান, মহিশকুড় গ্রামের লাইজু নাহার, একসরা গ্রামের আয়েশা খাতুন, কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের নাদিরা বেগম এবং সাতক্ষীরা সদরের সুলতানপুরের ফারজানা, মধুমোল্লারডাঙির হালিমা খাতুন, নবাদকাটির ফাল্গুনি সরকার, বাঁকাল গ্রামের তানিয়া তাসনিম এবং গড়েরকান্দার সালেহা খাতুন। সদর থানার ওসি হাশেম খান বলেন, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে অ্যাডভোকেট আলাউদ্দিনের বাড়ি থেকে পুলিশ ১৪ জনকে আটক করে। এ সময় তারা পরীক্ষার প্রশ্নপত্র দেখে উত্তর ঠিক করছিল। কিন্তু পরে দেখা যায় ওই প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল নেই। তাই প্রত্যেকের কাছ থেকে কিছু জরিমানা নিয়ে সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে অ্যাডভোকেট আলাউদ্দীনের স্ত্রী হোসনে আরা খাতুনসহ সন্দেহভাজন প্রতারকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ওসি জানান। এ ঘটনায় কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা খাতুন, ছাতিয়ানতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক চঞ্চল ও ইকবাল হাসান নামের এক যুবক জড়িত বলে প্রতারিতরা জানিয়েছেন। এরা এখন পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.