মাদারীপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতি শেষে পালানোর সময় মাদারীপুরে শিবচরের কাওড়াকান্দি ঘাট থেকে শুক্রবার ভোর রাতে লুটের মাল ও একটি মাইক্রোবাসসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বিভিন্ন স্থান থেকে আরো ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি।
শিবচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশালের গৌরনদী বন্দর বাজারে ভোর রাতে পাহারাদারদের বেঁধে কয়েকটি দোকানে তালা ভেঙ্গে ডাকাতি করে একদল ডাকাত।
গৌরনদী থানা পুলিশের পাঠানো বার্তা পেয়ে শিবচরের কাওড়াকান্দি ২ নম্বর ফেরি ঘাট থেকে ডাকাত দলের প্রধান সুলতানকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরো চার ডাকাত পালিয়ে যান।
উদ্ধার করা লুটের মালের মধ্যে আছে- চারটি রঙ্গিন টেলিভিশনসহ কিছু মূল্যবান জিনিসপত্র।
এছাড়া ডাকাতিতে ব্যবহৃত কিছু সরঞ্জাম ও একটি মাইক্রোবাস আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মালসহ গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আসাদুল।
শিবচর থানার ওসি আব্দুল জলিল জানান, শুক্রবার শিবচরের বিভিন্ন স্থানে ডাকাতির সময় ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৫৫ ঘ.
bdnews24