বগুড়া, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরের নিজ বাসা থেকে বৃহস্পতিবার রাতে এক পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত জাকির হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়া সদর থানার ওসি একেএম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ১০ টার দিকে তিনি নিজের ব্যবহৃত সরকারি রিভলবার মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ প্রাথমিকভাবে না জানা গেলেও তিনি যে নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন এটা নিশ্চিত।"
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সুজায়েত হোসেন জানান, থানার কাউকে না জানিয়ে এবং কোন ছুটি ছাড়াই সন্ধ্যার দিকে জাকির কর্মস্থল ত্যাগ করেন। তিনি উর্দ্ধতন কোন কর্মকর্তাকে এ ব্যাপারে অবহিত করেননি।
জাকির হোসেনের গ্রামের বাড়ি বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে। তার স্ত্রী লিপি বেগম ও পরিবারের সদস্যরা বগুড়া শহরের নামাজগড় এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.
bdnews24