ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর তৃতীয় জাতীয় সাংস্কৃতিক সম্মেলন।
বৃহস্পতিবার বেলা ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তিনদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান।
শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনের পর শুরু হয় শোভাযাত্রা। নৃত্য-গীত-বাদ্য মুখরিত শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে ফিরে আসে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিচারপতি হাবিবুর রহমান বলেন, "আমাদের গৌরবময় গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন ধারা হারিয়ে যেতে বসেছে। আবার অনেক ধারা নতুন পর্যায়ে উপনীত হচ্ছে। এ ক্রান্তিকাল অতিক্রমে উদীচীকে নেতৃত্ব দিতে হবে।"
"সরকার নির্ভরতা কোন সাংস্কৃতিক সংগঠনের জন্য শুভ ফল বয়ে আনে না। তাই জনভিত্তির ওপর দাঁড়িয়ে সাংস্কৃতিক স্বাধীনতার জন্য কাজ করতে হবে।"
উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ ইদুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল আলম।
সন্ধ্যায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই উদীচী ঢাকা মহানগর শাখা পরিবেশন করে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতা নিয়ে নির্মিত আলেখ্যানুষ্ঠান 'চাই সংস্কৃতির স্বাধীনতা'। এরপর একে একে জামালপুর উদীচী ঢেঁকির গান ও নৌকাবাইচের গান, গাজীপুর উদীচী (উত্তরাঞ্চল) পুঁথিপাঠ, চাঁপাইনবাবগঞ্জ গম্ভীরা ও টাঙ্গাইল জেলা গণসংগীত পরিবেশন করে। সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করে রাজবাড়ি, কালিয়াকৈর ও ঝিনাইদহ উদীচী। নৃত্যনাট্য পরিবেশন করে দিনাজপুর ও সিরাজগঞ্জ উদীচী। নাটক মঞ্চস্থ করে মাদারীপুর, বরগুনা ও টঙ্গী। 'বোধন' শীর্ষক আবৃত্তি-কোরিওগ্রাফী পরিবেশন করে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্র ও শনিবার বিকালে অন্যান্য জেলা শাখার পরিবেশনা থাকবে। এ ছাড়া শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 'সাংস্কৃতিক আন্দোলন-বর্তমানের দৃষ্টিতে ভবিষ্যতের ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
১৯৬৮ সালের ২৯ অক্টোবর সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত প্রমুখের উদ্যোগে উদীচী প্রতিষ্ঠিত হয়। এদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটির রয়েছে উজ্জ্বল ঐতিহ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২১০ঘ.
bdnews24