২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে নয় লাখ শিশুকে টিকা দেবে ডিসিসি

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ১০টি জোনের ৯০টি ওয়ার্ডে আগামী ফেব্র"য়ারি মাসের মধ্যে প্রায় সাড়ে নয় লাখ শিশুকে বিভিন্ন ধরনের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 04:32 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ১০টি জোনের ৯০টি ওয়ার্ডে আগামী ফেব্র"য়ারি মাসের মধ্যে প্রায় সাড়ে নয় লাখ শিশুকে বিভিন্ন ধরনের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে ডিসিসির পক্ষ থেকে ব্যাপক প্রচারণার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সার্বিক সহায়তা চেয়েছেন ডিসিসি মেয়র সাদেক হোসেন খোকা। বৃহস্পতিবার নগর ভবনে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র খোকা বলেন, "ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থ্যের অধিকারী করে গড়তে ও তাদের সুন্দরভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে ডিসিসি এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এটি মূলত জাতীয় পর্যায়ের কর্মসূচিরই অংশ। তারপরও ডিসিসি এ নিয়ে প্রচারণার মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করে কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছে।" শিশুদের হামের টিকা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অন্যান্য টিকা বিভিন্নভাবে দেওয়া হলেও হামের টিকা সেভাবে ঘটা করে দেওয়া হয় না। অথচ শিশুদের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ একটি রোগ। তাই এ রোগের ব্যাপারে আরো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া ও সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। এ সময় ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল কালাম আজাদ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (সিএইচও) ব্রিগেডিয়ার শওকত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শওকত হোসেন জানান, ১০ জানুয়ারি জাতীয় টিকা দিবসে পাঁচ বছর বয়সী শিশুদের পোলিও টিকা, এক বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল এবং দুই বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। ওইদিন যারা পোলিও টিকা খাওয়া থেকে বাদ পড়বে, তাদের বাড়ি বাড়ি গিয়ে ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত খাওয়ানো হবে। এ জন্য সকল শিশুকে চিহ্নিত ও নিবন্ধিত করা হয়েছে। এছাড়া আগামী ১৪ থেকে ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত ডিসিসির ব্যবস্থাপনায় মহানগরীতে বসবাসকারী নয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হামের টিকা (ইনজেকশন) দেওয়া ও পাঁচ বছর বয়সী শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে বলেও তিনি জানান। শওকত হোসেন আরো জানান, ঢাকায় পোলিও টিকার জন্য নয় লাখ ৫৩ হাজার ৬৫২, ভিটামিন এ ক্যাপসুলের জন্য সাত লাখ ৪৩ হাজার ৮৪৯, কৃমিনাশক বড়ির জন্য ছয় লাখ ১৯ হাজার ৮৭৪ এবং হামের টিকার (ইনজেকশন) জন্য সাত লাখ ৮১ হাজার ৯৯৫ শিশু চিহ্নিত করা হয়েছে। ৯২৭ জন টিকাদান কর্মী এবং ১৪ হাজার ৬৭৪ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতি ওয়ার্ডে ন্যূনতম সাতটি কেন্দ্র করে ঢাকার দুই হাজার ৪৬২টি কেন্দ্রে এ কর্মসূচি পরিচালিত হবে। এছাড়া রেল স্টেশন, বিমানবন্দর, বাণিজ্য মেলা, হাসপাতাল, মার্কেট ও কেন্দ্রীয় কারাগারে ৯২৪টি টিম ১৪ দিন ধরে হামের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/২২২৮ ঘ.