মাদারীপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে বৃহস্পতিবার তিন ঘণ্টা ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।
দুর্ঘটনা এড়াতে রাত ২টায় নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ভোর ৫টার দিকে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাটের কর্মকর্তা শাহনেওয়াজ চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট দেখা অসম্ভব হয়ে পড়লে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
এসময় কাওড়াকান্দি ঘাটে রো রো ফেরি শাহ মখদুম, ফ্লাট ফেরি রানীগঞ্জ, রায়পুরা আটক পড়ে।
এছাড়া পদ্ম নদীবক্ষ ও মাওয়া ঘাটে আটকা পড়ে আরো কয়েকটি ফেরি। এসব ফেরিতে দেড় শতাধিক যানবাহন ছিল।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, ফেরি বন্ধ থাকার ফলে উভয় ঘাটে প্রায় তিনশ' যানবাহন আটকা পড়ে। তবে ফেরি চলাচল শুরু হওয়ার পর যানবাহন পারাপারও স্বাভাবিক হয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২২ ঘ.
bdnews24