২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দখলমুক্ত করে বনায়ন মার্চ থেকে

বুড়িগঙ্গাসহ ঢাকার পাশের চারটি নদীর অবৈধ দখল উচ্ছেদের পর সীমানা পিলার বসিয়ে সেখানে বনায়নের কাজ আগামী মার্চে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 09:11 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গাসহ ঢাকার পাশের চারটি নদীর অবৈধ দখল উচ্ছেদের পর সীমানা পিলার বসিয়ে সেখানে বনায়নের কাজ আগামী মার্চে শুরু হবে। এ কার্যক্রম তদারকিসহ অবৈধ দখল বন্ধ এবং দখলদার উচ্ছেদে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার নদী বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। হাইকোর্টের নির্দেশে এর আগে চারটি নদীর সীমানা নির্ধারণ করা হয়েছিলো। তার ভিত্তিতেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। সচিবালয়ে কমিটির বৈঠক শেষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, "আদালতের নির্দেশে ইতিমধ্যে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ১৫ মার্চ থেকে নদীগুলোর সীমানা পিলার স্থাপনের কাজও করা হবে।" দখলমুক্ত এলাকায় বনায়ন করা হবে বলে তিনি জানান। এতে অর্থায়ন করবে পরিবেশ ও বন মন্ত্রণালয়। মন্ত্রী জানান, ঢাকা শহরের দখল হয়ে যাওয়া ২৪টি খালের মধ্যে ১৩টি খাল টাস্কফোর্স চিহ্নিত করেছে। এসব খালের নকশা ও মানচিত্রসহ ওয়াসা কর্তৃপক্ষকে আগামী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে। ওই সভার পর খালগুলো উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি। উপ কমিটিতে সাংসদ সারাহ বেগম কবরী ও সানজিদা খানমকে যুগ্ম-আহ্বায়ক, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়াকে সদস্য সচিব এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও নৌ-সচিব আব্দুল মান্নান খানকে উপদেষ্টা রাখা হয়েছে। বুড়িগঙ্গার পলিথিন ও ময়লা উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি নতুন বর্জ্য ফেলার বিষয়ে জানতে চাইলে পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, "আমরা পরিবেশ আইনে সংশোধন করছি। আইন সংশোধনের পরই এসব এমনিতেই বন্ধ হয়ে যাবে। কারণ এতে কাউকেই ছাড় দেওয়া হবে না।" আইনমন্ত্রী শফিক আহমেদ, পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানও সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৫০০ ঘ.