চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই'র সাবেক দুই মহাপরিচালকসহ ৯ আসামিকে বুধবার আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের এএসপি মনিরুজ্জামান চৌধুরী জানান, মামলার নিয়মিত হাজিরার অংশ হিসেবে তাদের মহানগর হাকিম ফজলুল বারীর আদালতে হাজির করা হয়।
আদালতে হাজির করা আসামিরা হলেন- এনএসআই'র সাবেক দুই প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার শাহাবুদ্দিন, সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সিইএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, সাবেক ব্যবস্থাপক এনামুল হক, চোরাচালানি হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ।
আসামিদের সবাই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
আবদুর রহিমের আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত আগামী ২১ জানুয়ারি আসামিদের পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানার তৎকালীন ওসি আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করেন। ওই অস্ত্রের প্রকৃত মালিক ও গন্তব্যের বিষয়টি এখনো স্পষ্ট নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২২৩০ঘ.
bdnews24