ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের তালিকা করে তা সরকারের কাছে পাঠানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, এ সরকারের আমলেই তাদের বিচার হবে।
সরকারের এক বছর পূর্তি উপলক্ষে বুধবার আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।
সাজেদা বলেন, "গ্রামে গ্রামে রাজাকারদের নাম, ঠিকানা, বাবার নাম লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ অথবা আওয়ামী লীগের কাছে পাঠিয়ে দিন। রাজাকারদের ধরতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার রাজাকারদের বিচার করবে।"
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী যুদ্ধাপরাধের বিচার শুরুর উদ্যোগ নেয়। সরকারের নীতি নির্ধারকরা আশা করছেন, আগামী মার্চেই যুদ্ধাপরাধ আদালতের কাজ শুরু হবে।
জাতীয় চারনেতা হত্যার বিচার করার অঙ্গীকারও ব্যক্ত করেন সাজেদা।
সভাপতিমণ্ডলীর অপর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "যারা বলেন সরকারের গতি নেই তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা বেশি গতিতে চলতে চাই না। তাহলে দুর্র্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।"
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আগামী চার বছরে প্রতিটি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করার প্রতিশ্র"তি দেন।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় আরও রাখেন কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এএল/এমআই/২২১০ ঘ.
bdnews24