চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাগরিক সুবিধা বাড়ানোর মাধ্যমে আগামী এক বছরে চট্টগ্রাম নগরীকে বদলে দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, আগামী একবছরে সিটি গর্ভনমেন্ট ব্যবস্থা চালুর মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
সরকারের গত এক বছরে চট্টগ্রাম নগরবাসীর উন্নয়নের ফিরিস্তি দেন তিনি।
ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নগরীর প্রতিটি ওয়ার্ডে রেশনিং ব্যবস্থা চালুর মধ্য দিয়ে নায্যমূল্যে চাল ও তেল বিক্রি করা হবে।
নগরীর আবাসন সঙ্কট নিরসনে আগামী এক বছরে কালুরঘাট এলাকায় ১০ হাজার পরিবারের আবাসন সুবিধা সম্বলিত উপ শহর গড়ার ঘোষণা দেন তিনি।
বন্দর নগরীতে এক বছরে আরো ১১টি সরকারি বিদ্যালয় স্থাপন করা হবে বলে তিনি জানান। টাইগারপাস এলাকায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
মেয়র নগরীর সড়ক উন্নয়নের জন্য আগামী এক বছরে প্রতিটি ওয়ার্ডে ৩ কোটি টাকা করে বরাদ্দের ঘোষণা দেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন বিকালে লালদীঘি ময়দানের ওই জনসভায় সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস ছালাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০২০ ঘ.
bdnews24