ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান শৈত্য প্রবাহে ৬৪ জনের মৃত্যু হয়েছে জানিয়ে শীতার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের দাবি জানিয়েছে প্রগতির পরিব্রাজক দল-প্রপদ।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক এ সংগঠনের আহ্বায়ক মোস্তফা মাহবুব রাসেল বলেন, "শীত তীব্র হলেও দেশের অনেক স্থানে এখনো সরকারি ত্রাণ পৌঁছেনি। যে সব এলাকায় সরকারি ত্রাণ পৌঁছেছে তাও অপ্রতুল। দলীয় বিবেচনায় বিতরণ ও লুটপাটের কারণে এসব ত্রাণও প্রকৃত শীতার্তদের ঘরে যাচ্ছে না।"
শীতার্ত মানুষের দুর্ভোগের চিত্র সংবাদ মাধ্যমে উঠে আসছে না বলেও অভিযোগ করেন তিনি।
প্রপদ শীতার্ত মানুষকে সেবা দিতে ডাকসু মিলনায়তনে শীতার্ত সমন্বয় সেল স্থাপন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৮ ঘ.
bdnews24