ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালে জরুরি অবস্থা জারির দিন ১১ জানুয়ারি কালো দিবস পালনে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নবগঠিত নির্বাহী কমিটির যৌথ সভার পর প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
ওই দিন সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ দলীয় অফিসে দলীয় ও কালো পতাকা উত্তোলন, বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং ১২ জানুয়ারি বিকাল ৩টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হবে।
অন্য কর্মসূচির মধ্যে আছে, ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিন শেরেবাংলা নগরে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।
জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ২০ জানুয়ারি ছাত্রদল, ২১ জানুয়ারি মুক্তিযোদ্ধা দল, ২৩ জানুয়ারি মহিলা দল ও ২৪ জানুয়ারি যুবদল আলোচনা সভা এবং ২২ জানুয়ারি স্বেচ্ছাসেবক দল শোভাযাত্রা করবে।
১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল গঠনের দিন ২৫ জানুয়ারি 'গণতন্ত্র হত্যা' দিবস হিসেবে পালন করবে বিএনপি। সেদিন কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৮১০ ঘ.
bdnews24