ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মন্ত্রনালয়ের সচিবদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।
প্রেসসচিব বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় সচিবদের।
"তাই প্রধানমন্ত্রী সচিবদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছেন।"
প্রধানমন্ত্রী কার্যালয়ে দুপুর ১টায় মন্ত্রিসভার ৫২তম বৈঠক শুরু হয়। নতুন বছরে এটাই মন্ত্রিসভার প্রথম বৈঠক।
বৈঠকের আলোচ্য সূচির প্রথমেই ছিলো, মন্ত্রণালয়/বিভাগসমূহের ২০০৮-০৯ অর্থ বছরের কর্মকাণ্ড সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন।
আবুল কালাম জানান, নিয়ম অনুযায়ী মন্ত্রিসভাকে অবহিত করার জন্য এই বার্ষিক প্রতিবেদনটি দেওয়া হয়।
এরপর আলোচ্যসূচি ছিলো, 'প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর বিষয়ে মন্ত্রিসভাকে অবহিতকরণ'।
প্রধানমন্ত্রী ভারত সফরে কী কী আলোচনা হতে পারে- তা নিয়ে কথা হয় এবং এ বিষয়ে মন্ত্রিসভার সদস্যরাও পরামর্শ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24