২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট মামলার শুনানি: সিদ্ধান্ত দেবেন প্রধান বিচারপতি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা স্থগিতের আবেদনের শুনানি কোন আদালতে হবে, সে সিদ্ধান্ত দেবেন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 10:33 AM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা স্থগিতের আবেদনের শুনানি কোন আদালতে হবে, সে সিদ্ধান্ত দেবেন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম। সরকার পক্ষ আপত্তি তোলায় বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মামলার কাগজপত্র প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জন আসামি। বুধবার শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "এ বিষয়ে শুনানি গ্রহণের এখতিয়ার আপনার (আদালতের) নেই।" তবে এ বক্তব্যের বিরোধিতা করে আসামি পক্ষের কৌঁসুলি রফিক উল হক বলেন, "আপনি এর আগে এ মামলায় আসামিদের জামিন দিয়েছেন। সুতরাং মামলার কার্যক্রম স্থগিতের আবেদনের ওপর শুনানির এখতিয়ার এ আদালতের রয়েছে।" উভয় পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট বেঞ্চ সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রধান বিচারপতির দ্বারস্ত হয়। মামলাটি কেন বাতিল হবে না জানতে চেয়ে গত ১৫ অক্টোবর সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও মো. রইসউদ্দিনের বেঞ্চ। এর আগে ২৪ সেপ্টেম্বর বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. রেজাউল হাসানের অবকাশকালীন বেঞ্চ মামলা বাতিলের জন্য খালেদা ও তারেকের করা আবেদন ফেরত দিয়েছিলো। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই বছরের ৫ আগস্ট দেওয়া হয় অভিযোগপত্র। মামলার অপর আসামিরা হলেন- জিয়াউর রহমানের আত্মীয় মোমিনুর রহমান, সাবেক আমলা ড. কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক বিএনপি সাংসদ কাজী সলিমুল হক ও সরফুদ্দিন আহমেদ। গত বছরের ২৬ আগস্ট খালেদাকে এ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। এরপর তা বহাল রাখে আপিল বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/১৭৪৫ ঘ.