২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো বুড়িগঙ্গার পলিথিন অপসারণ

বুড়িগঙ্গা রক্ষায় নদীর তলদেশ থেকে পলিথিন অপসারণের কাজ বুধবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 06:30 AM

Updated : 24 Aug 2022, 06:04 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা রক্ষায় নদীর তলদেশ থেকে পলিথিন অপসারণের কাজ বুধবার শুরু হয়েছে। দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ পাশে দুপুর ১২টায় বেলুন উড়িয়ে এ কাজের উদ্বোধন করা হয়। সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে ঢাকার প্রাণ বলে পরিচিত বুড়িগঙ্গায় নৌ শোভাযাত্রা করে বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। অপচনশীল পলিথিন অপসারণ করে বুড়িগঙ্গার প্রতিবেশ রক্ষার সিদ্ধান্ত হয় গত ১৫ অক্টোবর নদীরক্ষা টাস্কফোর্সের এক সভায়। তিন মাস মেয়াদি একটি পাইলট প্রকল্পের আওতায় এ কাজে ব্যয় হচ্ছে পৌনে ৬ কোটি টাকা। প্রাথমিকভাবে নদীর এক কিলোমিটার এলাকার চারটি অংশ থেকে তিন লাখ ঘনমিটার মাটি ও আবর্জনার সঙ্গে এ পলিথিন তোলা হবে। দরপত্রের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে এর কার্যাদেশ দেওয়া হয়। পলিথিন অপসারণ কাজ শুরুর সময় সেখানে ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী, নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মালেক মিয়া, স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের পক্ষে ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আবু নাসের খান প্রমুখ। বুড়িগঙ্গার প্রতিবেশ রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্দেশে শাজাহান খান বলেন, "আপনারা যে আন্দোলন শুরু করেছেন বর্তমান সরকার তা এগিয়ে নিচ্ছে। এ আন্দোলন বা নদী রক্ষার কাজ যেন মাঝপথে বন্ধ হয়ে না যায়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।" রমেশ চন্দ্র সেন জানান, দেশে ৩১০টি নদী রয়েছে। এর মধ্যে ৫৪টি আন্তর্জাতিক নদী। বর্তমান সরকার এসব নদীর নাব্যতা রক্ষা এবং দূষণমুক্ত করার পদক্ষেপ নিয়েছে। পরিবেশ আইন ও পরিবেশ আদালত আইন সংশোধনের উদ্যোগের কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, "বর্তমানে এ আইনে কোনো সাধারণ মানুষ মামলা দায়ের করতে পারেন না। তাই সরকার এ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন সংশোধন হলে পরিবেশ দুষণের জন্য দায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না।" আব্দুল্লাহ আবু সায়ীদ ভবিষ্যতে বুড়িগঙ্গার তীর রক্ষা এবং বর্জ্য ফেলা বন্ধে ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য বিআইডব্লিউটিএ'র প্রতি আহ্বান জানান। সেতুর দুই দিকে ৫০০ মিটার করে মোট এক কিলোমিটার এলাকায় প্রাথমিকভাবে পলিথিন অপসারণের কাজ শুরু হয়েছে। নিজস্ব অর্থায়নে বিআইডব্লিউটিএ এ কাজ করছে। তবে এজন্য পরিবেশ অধিদপ্তরের কাছে প্রায় সাড়ে ২৪ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। ওই অর্থ পাওয়া গেলে পরর্বর্তীতে তা সংস্থাটির তহবিলে সমন্বয় করা হবে। এ পাইলট প্রকল্প সফল হলে পরবর্তীতে পলিথিন ও আবর্জনা অপসারণের উপযোগী যন্ত্র (গ্র্যাব এক্সক্যাভেটর) আমদানি করে আরো বড় আকারে এ কাজ চালিয়ে যাওয়া হবে বলে মালেক মিয়া জানান। তিনি বলেন, প্রকল্পটি অনুমোদিত হলে পরবর্তীতে অর্থ পাওয়া সাপেক্ষে বুড়িগঙ্গার ১০ কিলোমিটার এলাকাকে এ কর্মসূচির আওতায় আনা হবে। পর্যায়ক্রমে ঢাকার চারপাশের সব নদ-নদীর তলদেশ থেকে পলিথিন ও আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হবে। বিআইডাব্লিওটিএ'র নদী খনন বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন জানান, বুড়িগঙ্গা থেকে পলিথিন ও আবর্জনা তুলে ট্রলারের মাধ্যমে তা সিটি কর্পোরেশনের আমিনবাজার ডাম্পিং স্টেশন এবং ছলমাছি এলাকায় ফেলা হবে। তবে পলিথিনগুলো আলাদা করে পরে তা ধ্বংস করে ফেলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৪৪০ ঘ.