২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দারিদ্র্য বাংলাদেশের জন্য বিরাট সমস্যা'

দরিদ্র জনগোষ্ঠী বাংলাদেশের জন্য বিরাট সমস্যা বলে মনে করেন সফররত ব্রিটিশ মন্ত্রী জন ডেনহাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 03:13 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

সিলেট, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরিদ্র জনগোষ্ঠী বাংলাদেশের জন্য বিরাট সমস্যা বলে মনে করেন সফররত ব্রিটিশ মন্ত্রী জন ডেনহাম। এ সমস্যা সমাধানে যুক্তরাজ্য সরকার এগিয়ে এসেছে বলে তিনি জানান। সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে মঙ্গলবার দুপুরে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রী এ কথা বলেন। ডেনহাম বলেন, "আমাদের সরকারের অর্থায়নে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।" সিলেট নগরীর বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ (ইউপিপিআর) প্রকল্প বাস্তবায়নে এ চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে জুলাই ২০০৭ থেকে মার্চ ২০১৫ পর্যন্ত। সিলেট সিটি করপোরেশনের পক্ষে মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও ইউপিপিআর'র পক্ষে প্রকল্প পরিচালক আলী আহমদ চুক্তিতে স্বাক্ষর করেন। সিলেটসহ দেশের ছয় সিটি করপোরেশন ও ২৪টি পৌরসভায় বাস্তবায়িত হবে ইউপিপিআর প্রকল্প। এ প্রকল্পে অর্থায়ন করছে যুক্তরাজ্য সরকার। ইউপিপিআরকে একটি 'ফ্রেন্ডশীপ প্রোগ্রাম' উল্লেখ করে ব্রিটিশ মন্ত্রী আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে দরিদ্র্র জনগোষ্ঠী বিশেষ করে বস্তিবাসীরা উপকৃত হবে। মেয়র কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-ইউপিপিআর-ইউএনডিপি'র ইন্টারন্যশনাল প্রোগ্রামার রিচার্ড গিয়ার, ইউপিপিআর'র প্রকল্প পরিচালক আলী আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স, ডিএফআইডি'র সোস্যাল ডেভলপম্যান্ট অ্যাডভাইজার ফিলিপা টমাস, সিলেটের বিভাগীয় কমিশনার গোলাম রব্বানী, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল আউয়াল, জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৬ ঘ.