২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রকল্প নিয়ে পুলিশ কর্তাদের ক্ষোভ

পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) কার্যক্রম নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 01:54 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) কার্যক্রম নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। মঙ্গলবার পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক বৈঠকে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ফণীভূষণ চৌধুরী বলেন, "গত তিন বছরে পিআরপি নিয়ে অনেক হয়েছে। টাকা খরচ হয়েছে, পুলিশ কর্মকর্তারা বিদেশ সফর করেছেন। কিন্তু আউটপুট কি?" প্রকল্প কার্যক্রম মূল্যায়নের দাবিও তোলেন তিনি। এ সময় উপস্থিত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা তাকে সমর্থন দেন। ফণীভূষণ পিআরপি'র জন্য গঠিত স্টিয়ারিং কমিটিতে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করতে বলেন। এর আগে র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার পিআরপি নিয়ে বলেন, "স্টিয়ারিং কমিটিতে আরো শীর্ষ কর্মকর্তার অন্তর্ভুক্তি প্রয়োজন। র‌্যার মহাপরিচালক, সিআইডি এবং পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে কমিটিতে অর্ন্তভুক্ত করা উচিত।" প্রকল্প পরিচালক নব বিক্রম কিশোর ত্রিপুরা ধন্যবাদ বক্তব্যে বলেন, "পিআরপির এ পর্যন্ত ৬টি মূল্যায়ন হয়েছে। কাজ চলছে। এ প্রকল্প সরকারি প্রকল্প। ব্যর্থ হলে সরকার হবে, সার্থক হলেও এর দায়ভার সরকারের ওপরই বর্তাবে।" পুলিশের সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করতে ২০০৫ সাল থেকে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইউএনডিপি ও ডিএফআইডি'র সহযোগিতায় পিআরপি কর্মসূচি শুরু হয়। ২০০৯ সালের সেপ্টেম্বরে এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। বৈঠকে পুলিশের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। উপ মহাপুলিশ পরিদর্শক মাইনুর রহমান চৌধুরী পুলিশের ডিএনএ ল্যাব তৈরির বিষয়ে বলেন, "এটা নিয়ে আমাদের কেউ কেউ সময়ক্ষেপণের চেষ্টা করছেন।" এসময় বৈঠকস্থল রাজারবাগ টেলিকম অডিটোরিয়ামে অডিটোরিয়ামে বেশ গুঞ্জন হয়। চাপাই নবাবগঞ্জ পুলিশ সুপার মো. নজরুল হোসেন বাংলাদেশকে সবুজ বেষ্টনীর দেশ হিসেবে গড়ে তুলতে পরিবেশ পুলিশ গঠন করার দাবি করেন। ঢাকা মহানগরীর উপপুলিশ কমিশনার লুৎফুল কবীর পুলিশকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি তোলেন। তিনি বলেন, "স্বাধীনতার দীর্ঘ দিন অতিবাহিত হলেও পুলিশের কোনো সদস্য স্বাধীনতা পদক পায়নি।" বৈঠকে চট্রগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক আসাদুজ্জামান মিয়া, রাজধাহী জেলার চলতি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস চৌধুরী বক্তব্য রাখেন। পরে স্বরাষ্ট্র সচিব তার বক্তব্যে পুলিশ কর্মকর্তাদের প্রতিটি বক্তব্য যৌক্তিক বলে মন্তব্য করেন এবং পর্যায় ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস দেন। সর্বশেষে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জিএনএ/১৯৩৫ ঘ.