দিনাজপুর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর পুলিশ লাইনে গুলিবিদ্ধ হয়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
সোমবার গভীর রাতে এ ঘটনায় নিহত কনস্টেবলের নাম আশরাফুল ইসলাম (২২)। কনস্টেবল নম্বর ৬৩০। এ সময় তিনি অস্ত্রাগার পাহারারত ছিলেন।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নিজের রাইফেল দিয়ে পেটে গুলি করে আশরাফুল আত্মহত্যা করেছেন। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে।
আশরাফুলের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি গ্রামে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সুজায়েত হোসেন বলেন, রাত ১২টা ১০মিনিটে পুলিশ লাইনে পরপর কয়েকটি গুলির শব্দে পুলিশ সদস্যরা অস্ত্রাগারের সামনে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় আশরাফুল পড়ে আছেন। তার পেটে চারটি গুলিবিদ্ধ হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।
পুলিশ কর্মকর্তা বলেন, নিহত কনস্টেবলের হাতে থাকা চাইনিজ রাইফেল থেকে সাত রাউন্ড গুলিবর্ষণ হয়েছে। এর মধ্যে চারটি তার পেটে বিদ্ধ হয়।
তিনি আরো বলেন, "পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকের উপস্থিতিতে মৃত্যুর আগে আশরাফুল এ ঘটনার জন্য কেউ দায়ী নয় বলে জানিয়েছেন।"
ঘটনা তদন্তে সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সঞ্জিত কুমারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৪২ ঘ.
bdnews24