২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় থাকাকালে বিএনপিও এ সব শর্ত মানেনি: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সংসদে ফেরার বিষয়ে বিএনপি যে সব শর্ত দিয়েছে, ক্ষমতায় থাকার সময় তারাই এগুলো পালন করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 11:48 AM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সংসদে ফেরার বিষয়ে বিএনপি যে সব শর্ত দিয়েছে, ক্ষমতায় থাকার সময় তারাই এগুলো পালন করেনি। তবে বিএনপিকে সংসদে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতিকদের মানসিকতার পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। মঙ্গলবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ (পিআরআইবি) আয়োজিত দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিত বিরোধী দলকে সংসদে ফেরানোয় তাদের চেষ্টার কথা বলেন। তবে কী চেষ্টা চলছে, তা স্পষ্ট করেননি তিনি। বিএনপি বলে আসছে, সংসদের তাদের ফেরার 'পরিবেশ' নেই। বিএনপি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পর থেকে সংসদ বর্জন করে আসছে। সংসদে যাওয়ার শর্ত হিসেবে সোমবার ১০ দফা দাবি উত্থাপন করেছে তারা। মুহিত বলেন, "শুধু দাবি করে গেলেই হবে না। সে দাবিগুলো যুক্তিযুক্ত কি না, তা নিজেদেরই বিবেচনা করতে হবে। সংসদে যেতে বিরোধী দলের শর্তগুলোর সবগুলোই আমি মনোযোগ দিয়ে পড়েছি, তাদের শর্তগুলোর কোনোটাই তারা তাদের নিজেদের সময়ে পালন করেনি।" রাজনীতিকদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মানসিকতার পরিবর্তন না হওয়ার কারণে দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা পাচ্ছে না। এ জন্য তিনি সরকার এবং বিরোধী দল উভয়কেই দায়ী করেন অর্থমন্ত্রী। তিনি আরো বলেন, "যারা সরকারে থাকে তারা বিরোধী দলে গেলে নিজেদের গড়া নিয়ম-কানুন নিজেরাই অমান্য করেন। বিএনপি এখন যে সব শর্ত দিচ্ছে তারা নিজেরা যখন সরকারে ছিলো, তার একটাও তারা পালন করেনি।" বনানীতে পিআরআইবি কার্যালয়ে 'দক্ষিণ এশিয়ায় উন্নয়ন সহযোগিতা ও উদার গণতন্ত্র' শীর্ষক এ সেমিনারে দেশ-বিদেশের রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিদ, অর্থনীতিবিদরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্টের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিল্লুর আর খান এবং বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ড. সাদিক আহমেদ। ড. জিল্লুর তার প্রবন্ধে বলেন, "সংসদীয় গণতন্ত্রে সরকার এবং বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত; আর হচ্ছে কী হচ্ছে না- তার ভালো উদাহরণ হচ্ছে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর '৯১ এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ফিরে আসার পর থেকে অখন পর্যন্ত প্রধান দুই দলকে দায়িত্বশীল আচরণ খুব কমই করতে দেখা গেছে। "নানা ছুতোয় গুরুত্বহীন ইস্যু সামনে এনে দিনের পর দিন সংসদে না আসার সংস্কৃতি ভাঙ্গেনি আওয়ামী লীগ-বিএনপি কেউই, বলেন তিনি। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে ব্যাপক সংস্কারের পরামর্শ দেন ড. জিল্লুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচআর/এমআই/১৭২৬ ঘ.