ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে তারেক রহমানের আলোচনা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে বিএনপি। এটি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে।
তারেক রহমানের উদ্যোগে বিএনপির 'ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন'র পঞ্চম বার্ষিকী উপলক্ষে 'আজকের প্রজন্ম ফোরাম'র আলোচনা অনুষ্ঠানে তথ্যচিত্রটি প্রদর্শিত হয়।
২০০৫ সালের ৪ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেন দলের তখনকার সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমান।
তৃণমূল নেতা-কর্মীদের কাছ থেকে সমস্যাগুলো শুনে পরে তা দলের স্থায়ী কমিটির কাছে সুপারিশ আকারে পেশ করেছিলেন তারেক।
তথ্যচিত্রে প্রতিনিধি সম্মেলনে তারেকের দেওয়া বক্তব্যগুলো দেখানো হয়।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ বলেন, "তৃণমূল মানুষের রাজনীতিই হচ্ছে বাংলাদেশের মানুষের রাজনীতি। জিয়া এই রাজনীতির সূচনা করেছেন। তারেক রহমান তার পিতার পথ নিদের্শনায় 'ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন' করে বিএনপির রাজনীতির নতুন সূচনা করেন।"
চিকিৎসার জন্য যুক্তরজ্যে অবস্থানরত তারেক বিএনপির গত কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্য বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও দুর্নীতি দমন কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক সদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার পর কেক কাটা হয়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, শমসের মবিন চৌধুরী, রাজিয়া ফয়েজ, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, রুহুল আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় নেতা, সাংসদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24